‘পুরো ওয়েবসাইট ভুলে ভরা, প্রতারণা চলছে’, SIR প্রক্রিয়ায় কারচুপির অভিযোগে সিইও-র কাছে তৃণমূলের প্রতিনিধি দল

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বাংলার রাজনীতিতে ভোটার তালিকা ঘিরে আবারও তাপমাত্রা চড়ছে। এসআইআর (SIR) প্রক্রিয়া স্থগিত করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চিঠির দু’দিন পরই তৃণমূল কংগ্রেসের (TMC) প্রতিনিধি দল পৌঁছে গেল সিইও-র (CEO) দফতরে। চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস ও পার্থ ভৌমিকের নেতৃত্বে প্রতিনিধি দল দেখা করার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ আনেন। অরূপ বিশ্বাসের দাবি, রাজ্যের প্রায় প্রত্যেক বুথে ইচ্ছাকৃতভাবে ১৫০ থেকে ২০০ ভোটারের নাম বাদ দেওয়ার “গোপন পরিকল্পনা” চলছে। তাদের অভিযোগ, এই পুরো প্রক্রিয়াটি নাকি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ইঙ্গিতেই ঘটছে।

আরও পড়ুন: Siliguri: ‘চিকেনস নেক’ অগ্নিগর্ভ! শিলিগুড়িতে উচ্চপর্যায়ের বৈঠক, হাফিজ সইদের নতুন নেটওয়ার্ক ঘিরে কড়া নজরদারি

অরূপ আরও জানান, ভোটার তালিকার (SIR) যে নামগুলি এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তা ২০০২ সালের হার্ডকপি voter list-এ পরিষ্কারভাবে রয়েছে। তার কথায়, “এটা কোনও প্রযুক্তিগত ত্রুটি নয়, পরিকল্পিতভাবে ভুল সৃষ্টি করা হয়েছে।” তিনি ব্যাখ্যা করেন, অনেক ক্ষেত্রে ২০০২ সালের ভোটার কার্ড নম্বর কমিশনের সাইটে ভুল করে দেওয়া হয়েছে, যাতে ফর্ম পূরণ করার সময় সেই তথ্য মিল না থাকায় নাম বাদ পড়ে। কোথাও কোথাও ভোটারের ছবি ভুল দেওয়া হয়েছে, সম্পর্কের তথ্য বদলে দেওয়া হয়েছে ফলে ফর্ম অ্যাপসেই ধরা পড়ছে না। তার অভিযোগ, “পুরো ওয়েবসাইটই ভুলে ভরা। এটি মানুষের সঙ্গে প্রতারণা।”

সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতৃত্ব আরও দাবি করে যে এসআইআর (SIR) নিয়ে বিভ্রান্তি ছড়ানোর ফলেই মানুষ আতঙ্কে আত্মহত্যা করছেন, আর এর দায় নির্বাচন কমিশনকেই (Election Commission) নিতে হবে। তাদের বক্তব্য, “কমিশন মানুষের নিরাপত্তা এবং মানসিক অবস্থার প্রতি সম্পূর্ণ উদাসীন।” বিজেপি (BJP) অবশ্য তৃণমূলের (TMC) এই সুরকে তীব্র ভাষায় কটাক্ষ করেছে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ জানান, “সাংবাদিক সম্মেলনে অভিযোগ করলেই হবে না, যদি তৃণমূলের অভিযোগ সত্যি হয় তবে তারা আদালতে যাক। বিচারব্যবস্থাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।” তার আরও মন্তব্য, তৃণমূল নাকি বুঝতে শুরু করেছে যে ২০২৬ সালের নির্বাচনে পরাজয় অনিবার্য, কারণ “অনুপ্রবেশকারীদের নাম বাদ যাচ্ছে, মৃত ভোটারদের নাম কাটছে এতে তো তাদের ভোটব্যাংকই ক্ষয়ে যাচ্ছে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole