TET: রায় ঘোষণাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা! ৩২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার রায়ের দিকে নজর সকলের

breakingnews কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: করোনার পর থেকে নানা নিয়োগ জটিলতার মাঝে আজ প্রাথমিক শিক্ষার (TET) ৩২ হাজার চাকরি মামলার রায়কে ঘিরে (Recruitment Scam) রাজ্যের শিক্ষাঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলার পর অবশেষে বুধবার দুপুর দু’টোয় কলকাতা হাই কোর্ট (Kolkata High Court) এই মামলার রায় ঘোষণা করতে চলেছে। রায়ের আগে আদালত চত্বর কার্যত নিরাপত্তার বলয়ে ঘেরা প্রতিটি গেটে নজিরবিহীন সতর্কতা, বাড়তি পুলিশ মোতায়েন এবং দায়িত্বে রয়েছেন কলকাতা পুলিশের এক জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিকও।

আরও পড়ুন: Sonali Khatun: জামিন পেয়েও অনিশ্চয়তা কাটছে না, গর্ভবতী সোনালির কাতর আবেদন মুখ্যমন্ত্রীর কাছে

২০১৪ সালের টেট (TET) পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল, তাতে মোট প্রায় ৪২,৫০০ জনকে চাকরি (TET) দেওয়া হয়। কিন্তু সেই নিয়োগেই ওঠে ব্যাপক অনিয়মের অভিযোগ। বিভিন্ন প্রার্থী আদালতের দ্বারস্থ হন। দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর ২০২৩ সালের মে মাসে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার নিয়োগ বাতিলের নির্দেশ দেন। তবে তিনি জানান, নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত কর্মরতদের কাজে বহাল রাখা যাবে। সেই সঙ্গে রাজ্যকে তিন মাসের মধ্যে নতুন করে যোগ্য প্রার্থীদের নিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশও দেওয়া হয়।

এই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চে আবেদন করে। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের বেঞ্চ একক বেঞ্চের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি রাখলেও, নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর কথা বলে। কিন্তু পর্ষদ ও রাজ্যের অভিযোগ সব পক্ষের বক্তব্য শোনার যথাযথ সুযোগ দেওয়া হয়নি। তাই তারা সুপ্রিম কোর্টে যায়। সর্বোচ্চ আদালত হাই কোর্টের ডিভিশন বেঞ্চকে সমস্ত পক্ষকে শুনে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয়।

এরপর মামলাটি বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত মিত্রের বেঞ্চে আসে। দীর্ঘ শুনানি শেষে ১২ নভেম্বর রায়দান স্থগিত রাখা হয়। অবশেষে আজ সেই বহুল প্রতীক্ষিত রায় ঘোষণা হতে চলেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole