নিউজ পোল ব্যুরো: বাংলায় কথা বললেই ‘বাংলাদেশি’ তকমা! ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচারের ঘটনাগুলি নতুন নয়। আবারও তেমন অভিযোগ উঠে এসেছে মুর্শিদাবাদের (Murshidabad) চার পরিযায়ী শ্রমিককে কেন্দ্র করে। ওড়িশার (Odissa) নয়াগড়ে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলে যখন খবর প্রকাশ্যে আসে, তখনই বিষয়টি নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানান তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানানোর পর মাত্র একদিনের মধ্যেই আরও তৎপর সুরে হুঁশিয়ারি ছুঁড়লেন তিনি, “বাংলায় যারা ওড়িশা থেকে জীবিকার সন্ধানে আসেন, তাদের যদি একই ধরনের হেনস্তার মুখে পড়তে হয়, তখন পরিস্থিতি কতটা ভয়াবহ হবে ভেবে দেখেছেন?”
আরও পড়ুন: Assam: অসমে জিহাদি সাহিত্যের উপর নিষেধাজ্ঞা জারি, জঙ্গিবাদের মোকাবিলায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
সম্প্রতি মুর্শিদাবাদের এক শ্রমিক তার দুঃসহ অভিজ্ঞতা প্রকাশ করেন। তার (Mahua Moitra) অভিযোগ, কয়েকদিন ধরে স্থানীয় কিছু মানুষেরা জোর করে তাঁকে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে বাধ্য করেন। আপত্তি জানানোর পর উত্তেজিত জনতা নাকি তাকে মারধরও করে। অভিযোগ তুলেও লাভ হয়নি, উলটে তাকে বাংলাদেশি সন্দেহে থানায় তোলা হয় বলে দাবি তার। পরিচয়পত্র দেখালেও মিলল না সমর্থন বা নিরাপত্তা। বিষয়টি জানার পর ডোমকলের এসডিপিও শুভম বাজাজ জানান, শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন মহুয়া (Mahua Moitra)। তিনি জানান, মুর্শিদাবাদের জলঙ্গি এলাকার বহু মানুষ গত প্রায় আঠারো বছর ধরে শীতবস্ত্র বিক্রির জন্য ওড়িশার নয়াগড়ে যান। এতদিন কোনো সমস্যা না থাকলেও হঠাৎই তাঁদের বাংলাদেশি সন্দেহে থানায় নিয়ে যাওয়া হয় ২৭ নভেম্বর। আধার কার্ড-সহ সমস্ত বৈধ পরিচয়পত্র দেখানোর পরও লাভ হয়নি। এমনকি তাঁদের যাঁরা ঘর ভাড়া দিয়েছিলেন, সেই বাড়ির মালিককে ভয় দেখিয়ে শ্রমিকদের বের করে দেওয়ার অভিযোগও উঠেছে।
এই ঘটনা সামনে আসতেই সাংসদ মহুয়ার ক্ষোভ আরও বেড়ে যায়। তিনি প্রশ্ন তোলেন, “বাংলায় হাজার হাজার ওড়িয়া শ্রমিক প্রতিদিনের কাজে যুক্ত মালি, রাঁধুনি, নির্মাণশ্রমিক, কলমিস্ত্রি আরও কত পেশা! যদি বাংলার সরকার তাঁদের বিরুদ্ধে একইভাবে সন্দেহের চোখে দেখে বা অকারণে হেনস্তা করে, তাহলে পরিস্থিতি কেমন দাঁড়াবে?”
উল্লেখযোগ্যভাবে, এরকম বাঙালি হেনস্তা নিয়ে বারবার সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। বিভিন্ন সময় প্রতিবাদ জানিয়েছেন, আন্দোলনে নেমেছেন বাঙালির মর্যাদা রক্ষায়। বর্তমান ঘটনাটি ফের সেই পুরনো বিতর্ককে সামনে এনে দিয়েছে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া বাঙালিদের নিরাপত্তা কীভাবে রক্ষা করা হবে এবং দেশজুড়ে পরিযায়ী শ্রমিকদের প্রতি আচরণ কি আরও মানবিক হওয়া উচিত?
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
