নিউজ পোল ব্যুরো: ১৫ বছর আগে মুক্তি পাওয়া রাজকুমার হিরানির (Rajkumar Hirani) কালজয়ী ছবি ‘থ্রি ইডিয়টস’ (3 Idiots) আজও দর্শকদের মনে একই রকম জায়গা করে আছে। এবার সেই জনপ্রিয় ছবির সিকুয়েল নিয়ে বড় খবর। বহু জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাস্তবের পথে এগোচ্ছে ‘থ্রি ইডিয়টস ২’ (3 Idiots 2)। সূত্রের দাবি, ছবির চিত্রনাট্য ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে এবং ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে শুরু হবে শুটিং। এক বেসরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, পরিচালক রাজকুমার হিরানি (Rajkumar Hirani) তার সবচেয়ে জনপ্রিয় ছবির সিকুয়েল নিয়ে বহুদিন ধরেই ভাবনাচিন্তা করছিলেন। অবশেষে সব প্রস্তুতি শেষ করেই তিনি এই নতুন যাত্রায় পা রাখতে চলেছেন। সবচেয়ে বড় চমক হল, প্রথম ছবির চার মূল চরিত্র—আমির খান (Aamir Khan), করিনা কাপুর খান (Kareena Kapoor Khan), আর. মাধবন (R Madhavan) ও শরমন জোশি (Sharman Joshi)—সবাই এই সিকুয়েলেও ফিরছেন। নির্মাতা শিবিরের দাবি, নতুন গল্পেও থাকবে হাসি, আবেগ এবং আগের মতোই শক্তিশালী সামাজিক বার্তা।
২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’-(3 Idiots)এর শেষে দেখা গিয়েছিল, র্যাঞ্চো, ফারহান ও রাজু তিনজনেই জীবনের আলাদা পথে পা রেখেছে। সিকুয়েলের কাহিনি ঠিক সেই জায়গা থেকেই নতুন করে শুরু হবে, প্রায় ১৫ বছর পরের ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে। তিন বন্ধুর জীবনে কী পরিবর্তন এল, তাদের স্বপ্ন কতটা পূরণ হল, আর বন্ধুত্ব আজও আগের মতো অটুট আছে কি না—এই সব প্রশ্নের উত্তরই মিলবে নতুন ছবিতে।সূত্রের খবর অনুযায়ী, হিরানি (Rajkumar Hirani) আসলে আরও আগে থেকেই সিকুয়েলের একটি প্রাথমিক ভাবনা মাথায় রেখেছিলেন। তবে তিনি চাইছিলেন এমন একটি গল্প, যা প্রথম ছবির মান ও আবেগের সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ হবে। দাদাসাহেব ফালকের বায়োপিক নিয়ে আপাতত কাজ থমকে যাওয়ায়, তিনি ও আমির খান দু’জনেই মন দিয়েছেন ‘থ্রি ইডিয়টস ২’(3 Idiots 2)-এর দিকে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
উল্লেখ্য, ‘থ্রি ইডিয়টস’ (3 Idiots)শুধু একটি ছবি নয়, তা ছিল এক প্রজন্মের ভাবনার প্রতিচ্ছবি। পড়াশোনার চাপ, বন্ধুত্ব, আত্মবিশ্বাস ও নিজের মতো করে বাঁচার বার্তা—সব মিলিয়ে ছবিটি বিশ্বজুড়ে প্রায় ৪০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছিল। বোমান ইরানি, মোনা সিং-সহ সমস্ত কলাকুশলীর অভিনয়ও প্রশংসিত হয়েছিল। এবার অনুরাগীদের আশা, সেই ম্যাজিক আবারও ফিরবে পর্দায়। যদি সব কিছু পরিকল্পনামাফিক এগোয়, তা হলে ২০২৬ সালেই তিন বন্ধুর নতুন অধ্যায় দেখতে পাবেন দর্শকরা।
