Mamata Banerjee: ব্যবসায়ীদের পাশে থাকার অঙ্গীকার মুখ্যমন্ত্রীর, নেতাজি ইন্ডোরে দিলেন ‘অর্থনীতির মেরুদণ্ড’ তকমা

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indore Stadium) আয়োজিত এক ব্যবসায়ী সম্মেলনের মঞ্চ থেকে রাজ্যের শিল্প ও বাণিজ্য মহলের পাশে থাকার দৃঢ় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি স্পষ্ট ভাষায় জানান, ক্ষমতায় আসার পর থেকেই তাঁর সরকারের মূল লক্ষ্য রাজ্যের সার্বিক উন্নয়ন, বিশেষ করে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি। সেই লক্ষ্যেই প্রতি বছর কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হচ্ছে, যার মাধ্যমে দেশ-বিদেশ থেকে বিনিয়োগ আসছে এবং রাজ্যের আয় বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুন: NewTown: ইকো পার্কের কাছের বস্তিতে বিধ্বংসী আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম দমকল

বিরোধীরা প্রায়শই বাংলায় শিল্প ও কর্মসংস্থানের অভাব নিয়ে প্রশ্ন তুললেও, কাজের মাধ্যমেই তার জবাব দিচ্ছে রাজ্য সরকার এমনটাই দাবি করেন মুখ্যমন্ত্রী। এদিনের সভায় তিনি ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের সাফল্যের কথা তুলে ধরেন। মমতার বক্তব্য অনুযায়ী, বর্তমানে বাংলায় ৬৬০টিরও বেশি এমএসএমই ক্লাস্টার রয়েছে এবং প্রায় ১ কোটি ৩০ লক্ষ মানুষ এই ক্ষেত্রের সঙ্গে যুক্ত। উল্লেখযোগ্যভাবে মহিলাদের অংশগ্রহণও ক্রমশ বৃদ্ধি পেয়েছে, যার ফলে লক্ষ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে।

অনলাইন কেনাকাটার দাপট বাড়লেও খুচরো ব্যবসায়ীদের গুরুত্ব অস্বীকার করা যায় না বলেও মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, অসংগঠিত ক্ষেত্রে প্রায় ৬৫ লক্ষ ব্যবসায়ী রয়েছেন এবং খুচরো ব্যবসায়ীরাই বাংলার অর্থনীতির প্রকৃত মেরুদণ্ড। তাঁদের স্বার্থ সুরক্ষায় রাজ্য সরকার সবসময় পাশে রয়েছে বলেও আশ্বাস দেন তিনি।

কেন্দ্রের নোটবন্দির সিদ্ধান্তের সমালোচনা করে মমতা জানান, একসময় রাজ্যে বেকারত্বের হার ছিল প্রায় ৪০ শতাংশ, যা তাঁর সরকার কমাতে সক্ষম হয়েছে। আগামী দিনে ছয়টি ইকোনমিক করিডর তৈরি করা হচ্ছে, যার আশপাশে শিল্প, দোকান ও বাণিজ্যিক পরিকাঠামো গড়ে উঠবে। এর ফলে খুচরো ব্যবসায়ী ও স্থানীয় মানুষ সরাসরি লাভবান হবেন। পাশাপাশি লজিস্টিক পরিষেবাকে শিল্পের মর্যাদা দেওয়া হয়েছে এবং কলকাতা ও শিলিগুড়িতে এক্সপোর্ট সেন্টার চালু করা হয়েছে।

এদিন ব্যবসায়ীদের সুবিধার্থে একটি নতুন ডিজিটাল পোর্টালের উদ্বোধনও করা হয়। সরকারি কাজ শেষ করার পর যাতে ব্যবসায়ীদের অর্থ পেতে সমস্যা না হয়, সেই উদ্দেশ্যেই এই ব্যবস্থা। কাজের তথ্য পোর্টালে আপলোড করার পর যুক্ত ৭২টি ব্যাঙ্ক ও আর্থিক সংস্থা দ্রুত অর্থ মেটাবে। একই সঙ্গে অভিযোগ জানানোর সুযোগও থাকবে, যার ভিত্তিতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। সব মিলিয়ে, রাজ্যের অর্থনীতি আগামী দিনে আরও শক্তিশালী হবে বলেই আশাবাদ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole