Dooars : হাইওয়ের মোড় নয়, ডুয়ার্সের সাংস্কৃতিক হৃদয়—ইতিহাস ও প্রকৃতির মিলনে অনন্য চালসা

ভ্রমণ

নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গের পর্যটন ভুবন মানেই বৈচিত্র্যের এক রঙিন মানচিত্র। একদিকে দক্ষিণের রহস্যময় সুন্দরবন, অন্যদিকে উত্তরের তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘা—এই দুই প্রান্তের মাঝখানে ছড়িয়ে রয়েছে অসংখ্য প্রাকৃতিক ও সাংস্কৃতিক রত্ন। তার মধ্যেই ডুয়ার্স (Dooars) অঞ্চল এক অনন্য আকর্ষণ, আর ডুয়ার্সের (Dooars) হৃদয়ে অবস্থিত এক গুরুত্বপূর্ণ জনপদ হল চালসা। অনেকের কাছে চালসা শুধুই একটি যাতায়াতের মোড় বা পথচলতি বিরতি, কিন্তু বাস্তবে এই ছোট্ট শহরের বুকে লুকিয়ে আছে ইতিহাস, সংস্কৃতি ও প্রকৃতির অপূর্ব সহাবস্থান।

আরও পড়ুন : Nolen Gur Sondesh: শীতের আড্ডা আরও মিষ্টি! বাড়িতেই বানান নলেন গুড়ের সন্দেশ

যোগাযোগ ব্যবস্থার দিক থেকে চালসা অত্যন্ত সুবিধাজনক। এখানকার রেলস্টেশনটি শুধু কার্যকর নয়, নান্দনিক দিক থেকেও মনকাড়া। ভিস্তা ডোম ট্যুরিস্ট ট্রেন এখানে থামায় পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। ভোরবেলার স্টেশনের নিস্তব্ধতা, চারপাশের সবুজ আর পাহাড়ি আবহ যে কোনও ভ্রমণপ্রেমীর মনে প্রশান্তি এনে দেয়। স্টেশনের পাশ দিয়ে বয়ে চলা কুর্তি নদী খুব বেশি পরিচিত না হলেও তার স্বচ্ছ জল আর শান্ত প্রবাহ চালসার প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। প্রতি মঙ্গলবার মঙ্গলাবাড়িতে বসা ঐতিহ্যবাহী হাটে ডুয়ার্সের (Dooars) স্থানীয় সংস্কৃতি, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার সরাসরি পরিচয় মেলে। চালসার সাংস্কৃতিক ইতিহাসের অন্যতম গর্ব ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত শালবনী ক্লাব। ১৯৪৮ সালে এখানে নির্মিত ঘূর্ণায়মান মঞ্চ সেই সময়ে কলকাতার বাইরে এক বিরল ঘটনা ছিল। আজ যন্ত্রটি কার্যত অচল হলেও, এই মঞ্চ আজও উত্তরবঙ্গের নাট্যচর্চার ইতিহাস বহন করে চলেছে। ক্লাব সংলগ্ন প্রাচীন গ্রন্থাগারটি গবেষণা ও সাহিত্যচর্চার জন্য বিশেষ গুরুত্ব বহন করে। সরকারি উদ্যোগে এই পরিকাঠামোর সংস্কার হলে চালসা সহজেই একটি সাংস্কৃতিক পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

ভ্রমণের দিক থেকেও চালসা আদর্শ কেন্দ্র। এখান থেকে একদিনেই ঘুরে আসা যায় সামসিং, সুন্তালেখোলা, ঝালং-বিন্দু কিংবা তোদে-তাংতার মতো মনোরম স্থান। চাপরামারি ও গোরুমারা জাতীয় উদ্যানে জঙ্গল সাফারির জন্য চালসা অন্যতম সেরা বেস। এমনকি জলদাপাড়া বা লাভা-রিশপ ঘুরেও দিনের শেষে চালসায় ফেরা সম্ভব। প্রকৃতি, ইতিহাস আর সংস্কৃতির মেলবন্ধনে চালসাকে শুধু হাইওয়ের মোড় হিসেবে নয়, ডুয়ার্সের এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলাই সময়ের দাবি। আপনি যদি ভ্রমণে একটু আলাদা স্বাদ খুঁজে থাকেন, তবে চালসাই হতে পারে আপনার পরবর্তী ঠিকানা।