নিউজ পোল ব্যুরো: কৃত্রিম মেধা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) বিষয়ে একেবারে ছোট বয়স থেকেই পড়ুয়াদের দক্ষ করে তুলতে বড় উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বে যাতে ছাত্রছাত্রীরা পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই নতুন পাঠ্যক্রম এমনভাবে সাজানোর পরিকল্পনা করা হয়েছে, যাতে প্রাথমিক স্তর থেকেই কৃত্রিম মেধার মৌলিক ধারণা আয়ত্ত করতে পারে খুদে পড়ুয়ারা। কেন্দ্রের ভাবনা অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই দেশের প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা কৃত্রিম মেধা নিয়ে পড়াশোনার সুযোগ পাবে।
আরও পড়ুন:Weather Update : বড়দিনের আগে ফিরছে শীতের দাপট! কলকাতা সহ দক্ষিণবঙ্গে আরও নামবে পারদ
এই উদ্যোগ বাস্তবায়নের জন্য দেশের সমস্ত প্রাথমিক স্কুলের জন্য একটি অভিন্ন ও বিশেষ পাঠ্যক্রম এবং নতুন বই তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এই দায়িত্ব দেওয়া হয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (National Council of Educational Research and Training, NCERT)-কে। পুরো প্রক্রিয়াটি তদারকির জন্য একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করা হয়েছে, যেখানে শিক্ষা ও প্রযুক্তি— উভয় ক্ষেত্রের অভিজ্ঞরা রয়েছেন। প্রাথমিক স্তরে কৃত্রিম মেধা কীভাবে পড়ানো হবে, তার রূপরেখা তৈরি করা হয়েছে জাতীয় শিক্ষানীতি ২০২০ এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন ২০২৩-এর নির্দেশিকা মেনেই। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের বক্তব্য অনুযায়ী, তৃতীয় শ্রেণি থেকেই স্কুলপড়ুয়াদের কৃত্রিম মেধার প্রাথমিক পাঠ দেওয়া হবে। ষষ্ঠ শ্রেণিতে বৃত্তিমূলক শিক্ষার পাঠ্যবইয়ে কৃত্রিম মেধা বিষয়ক একটি বিশেষ প্রকল্প অন্তর্ভুক্ত থাকবে। সেখানে অ্যানিমেশন, গেম ডিজাইন এবং ডিজিটাল কনটেন্ট তৈরিতে কৃত্রিম মেধার ব্যবহার সম্পর্কে হাতে-কলমে শেখার সুযোগ পাবে ছাত্রছাত্রীরা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
পাঠ্যক্রমে কেবল প্রযুক্তিগত বিষয় নয়, বরং কৃত্রিম মেধা কী, কেন এই প্রযুক্তি শেখা জরুরি, দৈনন্দিন জীবন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহণ কিংবা বিনোদনের মতো বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম মেধার ব্যবহার কীভাবে হচ্ছে, সে সব বিষয়ও সহজ ভাষায় তুলে ধরা হবে। একই সঙ্গে আলাদা করে শিক্ষকদের প্রশিক্ষণের পরিকল্পনাও করছে কেন্দ্র, যাতে তারা আধুনিক পদ্ধতিতে এই বিষয় পড়াতে পারেন। ইতিমধ্যেই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন স্কুল স্তরে কম্পিউটেশনাল থিঙ্কিং (Computational Thinking) এবং কৃত্রিম মেধা নিয়ে একটি খসড়া পাঠ্যক্রম তৈরি করেছে। বোর্ডের তরফে জানানো হয়েছে, প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সমস্ত পড়ুয়ারাই ধাপে ধাপে এই বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ পাবে, যা ভবিষ্যতে তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
