TMC: বছরের শেষে তৃণমূলের বড় ধাক্কা! ব্রাত্য-ঘনিষ্ঠ দেবাশিষের ইস্তফা, দক্ষিণ দমদমে গণ-ইস্তফার হুঁশিয়ারি

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বিধানসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় তুলল রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) ঘনিষ্ঠ এক কাউন্সিলরের পদত্যাগ। দক্ষিণ দমদম পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিষ ব্যানার্জি বুধবার বছর শেষের দিনে নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদলের (TMC) অন্দরে ফের অসন্তোষের সুর স্পষ্ট হয়ে উঠছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আরও পড়ুন: Amit Shah: বিজেপির মেগা বৈঠকে শাহ-দিলীপ সাক্ষাৎ! ছাব্বিশের আগে কি একজোট হচ্ছে বঙ্গ বিজেপি?

২০১১ সালে বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা ব্রাত্য বসু দমদম কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই তাঁর ঘনিষ্ঠ মহলের অন্যতম মুখ ছিলেন দেবাশিষ ব্যানার্জি। ২০১৫ সালের পৌর নির্বাচনে জয়লাভ করে তিনি দক্ষিণ দমদম পুরসভার পৌরপ্রধান পারিষদ হিসেবে দায়িত্ব সামলান। সেই সময় এলাকায় সংগঠন মজবুত করা থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজে তাঁর সক্রিয় ভূমিকা ছিল বলে দলীয় সূত্রে জানা যায়। তবে ২০২২ সালের পৌর নির্বাচনে তাঁকে দলের টিকিট দেওয়া হয়নি। সেই সিদ্ধান্ত ঘিরে কিছুদিন আড়ালে চলে গেলেও কয়েক বছর পর ফের তৃণমূলে সক্রিয় হন দেবাশিষ।

উল্লেখযোগ্যভাবে, বড়দিনে রাজ্যের শিক্ষা মন্ত্রীর নির্দেশে দক্ষিণ দমদমে একটি বইমেলার আয়োজন করেন দেবাশিষ ব্যানার্জি। সেই মেলায় স্বয়ং উপস্থিত ছিলেন ব্রাত্য বসু। এমনকি ইস্তফার আগের দিনও মন্ত্রী বইমেলায় এসেছিলেন এবং দু’জনের মধ্যে কথাবার্তাও হয় বলে জানা যাচ্ছে। এর পরদিনই হঠাৎ কাউন্সিলর পদ থেকে ইস্তফার ঘোষণা রাজনৈতিক মহলে নানা জল্পনা উসকে দিয়েছে।

নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে দেবাশিষ ব্যানার্জির অভিযোগ, দক্ষিণ দমদম পুরসভায় দমদম এলাকার কর্মী ও সংগঠনের সঙ্গে যুক্ত মানুষদের দীর্ঘদিনের পরিশ্রমের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। দলীয় স্তরে বঞ্চনার শিকার হচ্ছেন তাঁরা। সেই কারণেই তিনি কাউন্সিলর পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের (TMC) কর্মী ও সমর্থক হিসেবে ভবিষ্যতেও কাজ করে যাবেন।

এদিকে এই ঘটনায় তৃণমূলের (TMC) অন্দরে যে অসন্তোষ বাড়ছে, তা কার্যত স্বীকার করে নিয়েছেন দমদম টাউন তৃণমূল সভাপতি সুকান্ত সেনশর্মা। তিনি বলেন, দেবাশিষের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন নয় এবং তাঁরাও একই পথে হাঁটার কথা ভাবছেন। দলীয় সূত্রের খবর, ইতিমধ্যেই দক্ষিণ দমদম পুরসভার অন্তর্গত দমদম বিধানসভা এলাকার ১৭টি ওয়ার্ডের একাধিক কাউন্সিলর তাঁদের পদত্যাগপত্র পৌরপ্রধানের কাছে জমা দিয়েছেন। এই পরিস্থিতি বিধানসভা নির্বাচনের আগে শাসকদলের জন্য নতুন করে চাপ বাড়াতে পারে বলেই মত রাজনৈতিক মহলের।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole