Central Government: মহিলা-ছাত্রছাত্রীদের বিনামূল্যে মোবাইল বিতরণ নিয়ে , নাগরিকদের সতর্ক করল মোদি সরকার

রাজ্য

নিউজ পোল ব্যুরো: সম্প্রতি সমাজমাধ্যমে একটি বিজ্ঞপ্তি দ্রুত গতিতে ভাইরাল হয়ে পড়ে, যেখানে দাবি করা হয় যে কেন্দ্র সরকার “প্রধানমন্ত্রী মোবাইল যোজনা” নামে একটি নতুন প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের আওতায় দেশের সমস্ত মহিলা ও ছাত্রছাত্রীদের বিনামূল্যে স্মার্টফোন দেওয়া হবে বলে জানানো হয়। অনলাইনে মাত্র একটি ফর্ম পূরণ করলেই নাকি সরকারি উদ্যোগে বাড়িতে পৌঁছে যাবে মোবাইল ফোন। এই খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে তৈরি হয় ব্যাপক আলোড়ন ও বিভ্রান্তি।

আরও পড়ুন:Grok: আই দিয়ে অশালীন ছবি-ভিডিও! গ্রোক ইস্যুতে X-কে নোটিস কেন্দ্রের

বিশেষ করে নিম্নবিত্ত ও প্রান্তিক শ্রেণির মানুষের মধ্যে এই খবরে নতুন আশার সঞ্চার হয়। অনেকেই মনে করেছিলেন, ডিজিটাল ভারতের পথে এটি একটি বড় পদক্ষেপ। কিন্তু এই আশার মধ্যেই বড় ধাক্কা দেয় কেন্দ্রীয় সরকারের স্পষ্ট বিবৃতি। মোদি সরকার জানিয়ে দিয়েছে, এই ধরনের কোনও প্রকল্প বর্তমানে চালু নেই এবং ভাইরাল হওয়া বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়ো। ভাইরাল পোস্টগুলিতে দাবি করা হয়েছিল, প্রধানমন্ত্রী মোবাইল যোজনার মাধ্যমে মহিলা ও পড়ুয়াদের ডিজিটালভাবে স্বনির্ভর করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইউটিউব, ফেসবুক ও অন্যান্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ওই বিজ্ঞপ্তিতে একটি লিঙ্ক দেওয়া ছিল। সেই লিঙ্কে ক্লিক করলে একটি অনলাইন ফর্ম খুলে যাচ্ছিল, যেখানে নাম, ঠিকানা, মোবাইল নম্বর, এমনকি আধার কার্ড নম্বর পর্যন্ত চাওয়া হচ্ছিল। দাবি করা হচ্ছিল, এই তথ্য জমা দিলেই কিছুদিনের মধ্যে বিনামূল্যে মোবাইল ফোন পৌঁছে যাবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এই পরিস্থিতিতে কেন্দ্র সরকার নাগরিকদের সতর্ক করে জানায়, এটি সাইবার অপরাধীদের একটি সুপরিকল্পিত প্রতারণা। ভুয়ো লিঙ্কে ক্লিক করলে ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টও মুহূর্তে খালি হয়ে যেতে পারে। সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, বিনামূল্যে স্মার্টফোন বিতরণের জন্য বর্তমানে কোনও সর্বভারতীয় প্রকল্প চালু করা হয়নি। সরকারের তরফে সকল নাগরিককে অনুরোধ করা হয়েছে, কোনও অচেনা লিঙ্কে ক্লিক না করতে এবং সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য শুধুমাত্র সরকারি ওয়েবসাইট বা বিশ্বস্ত সূত্র থেকে যাচাই করতে। পাশাপাশি এমন ভুয়ো বিজ্ঞপ্তি দেখলে তা অন্যদের সঙ্গে শেয়ার না করে অবিলম্বে রিপোর্ট করার আহ্বান জানানো হয়েছে। এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হল, ডিজিটাল যুগে সচেতনতা ও সতর্কতাই প্রতারণা থেকে বাঁচার সবচেয়ে বড় অস্ত্র।