নিউজ পোল ব্যুরো: সাত বছরের ব্যবধানের পরে তৃণমূল কংগ্রেস (TMC) ছেড়ে ফের কংগ্রেসে ফিরলেন মৌসম নূর (Mausam Noor)। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই দলবদল মালদহের (Malda) রাজনৈতিক সমীকরণে নতুন করে আলোড়ন তুলেছে। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, দীর্ঘদিন তৃণমূলে থাকার পর হঠাৎ কেন এই সিদ্ধান্ত? দলে কি তিনি ব্রাত্য ছিলেন, না কি কাজের সুযোগ পাচ্ছিলেন না? এই সব জল্পনায় নিজেই ইতি টানলেন মৌসম (Mausam Noor)। তাঁর স্পষ্ট বক্তব্য, তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে কোনও ক্ষোভ তাঁর নেই। বরং গত সাত বছরে তৃণমূল তাঁকে যেভাবে কাজের সুযোগ দিয়েছে, তার জন্য তিনি কৃতজ্ঞ।
কংগ্রেসে যোগ দেওয়ার পর মৌসম (Mausam Noor) জানান, এই সিদ্ধান্ত পুরোপুরি পারিবারিক। গণিখান পরিবারের রাজনৈতিক ঐতিহ্যকে একসূত্রে রাখতেই এই পথ বেছে নেওয়া হয়েছে। তাঁর কথায়, একই পরিবারের সদস্যরা ভিন্ন ভিন্ন দলে থেকে রাজনীতি করতে গিয়ে অসুবিধার মুখে পড়ছিলেন। তাই পরিবারগত ভাবনাচিন্তা থেকেই কংগ্রেসে ফেরার সিদ্ধান্ত। মৌসম বলেন, “আমরা সবাই গণিখানের রাজনীতি দেখেই বড় হয়েছি। তাঁর আদর্শ ও লিগ্যাসিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। কংগ্রেসকে শক্তিশালী করার মধ্য দিয়েই সেটা সম্ভব।”
২০০৯ সালে কংগ্রেসের টিকিটে মালদহ উত্তর থেকে প্রথমবার সাংসদ হন মৌসম নূর। ২০১৪ সালেও তিনি ওই আসনে জয়ী হন। তবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে লড়াই করে পরাজিত হন তিনি। ত্রিমুখী লড়াইয়ের সুযোগ নিয়ে সেবার বিজেপির খগেন মুর্মু জয় ছিনিয়ে নেন। পরবর্তীতে মৌসমকে রাজ্যসভার সাংসদ মনোনীত করে তৃণমূল এবং দলের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বও দেওয়া হয়।
যদিও রাজনৈতিক মহলের একাংশের দাবি ছিল, তৃণমূলে তিনি প্রত্যাশিত গুরুত্ব পাননি। তবে সেই অভিযোগ নিজেই উড়িয়ে দিয়েছেন মৌসম। তাঁর কথায়, “তৃণমূল আমাকে সম্মান দিয়েছে, কাজ করার মঞ্চ দিয়েছে। সাংসদ হিসেবেও দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ।”
মৌসমের কংগ্রেসে ফেরা মানে গণিখান পরিবারের আবার একত্রিত হওয়া এ কথা মানছেন রাজনৈতিক পর্যবেক্ষকরাও। কংগ্রেস শিবিরে এই যোগদান ঘিরে আশার সঞ্চার হয়েছে। প্রদেশ কংগ্রেসের মতে, এটি শুধু শুরু, আগামী দিনে মালদহের পাশাপাশি গোটা রাজনীতিতেই এর প্রভাব পড়বে। অন্যদিকে, তৃণমূল এই দলবদলকে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ। তবু ভোটের মুখে মালদহে কংগ্রেসের শক্তি যে কিছুটা হলেও বাড়ল, তা অস্বীকার করার উপায় নেই।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
