Suvendu Adhikari: ‘অধিকারীবাবুর মানসিক সমস্যা হয়েছে’, হিন্দুত্বের ব্যাখ্যা নিয়ে শুভেন্দুকে নজিরবিহীন আক্রমণ পার্থর

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: নতুন বছরের শুরুতেই রাজনৈতিক উত্তাপে ফুটছে রাজ্যের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম (Nandigram)। সপ্তাহান্তে একই দিনে সেখানে শাসক ও বিরোধী দু’পক্ষেরই আলাদা কর্মসূচি ঘিরে কার্যত নির্বাচনী আবহ তৈরি হয়ে যায়। একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কর্মসূচি, অন্যদিকে তৃণমূলের (TMC) সাংসদ পার্থ ভৌমিক (Partha Bhowmik) ও সায়নী ঘোষের সভা সব মিলিয়ে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রাম যে আবারও রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে, তা স্পষ্ট হয়ে ওঠে।

আরও পড়ুন: Mausam Noor: ‘তৃণমূলের প্রতি ক্ষোভ নেই’, কংগ্রেসের হাত ধরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মৌসম নূরের

এই রাজনৈতিক তরজার মাঝেই নন্দীগ্রামবাসীর অনুরোধে আগামী ১৫ জানুয়ারি সেখানে ‘সেবাশ্রয়’ শিবির করার ঘোষণা দিয়েছেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ডায়মন্ড হারবার মডেলে নন্দীগ্রাম ১ ও ২ ব্লকে এই শিবির আয়োজনের কথা জানানো হয়েছে। তবে এই উদ্যোগ ঘিরেই তীব্র বিতর্কের সূত্রপাত। নন্দীগ্রামের বিধায়ক ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)এই সেবাশ্রয় শিবির নিয়ে কড়া ভাষায় মন্তব্য করেন। তিনি দাবি করেন, সেবাশ্রয় শিবিরে বিতরণ করা ওষুধে জন্মনিয়ন্ত্রণের ট্যাবলেট মেশানো থাকতে পারে এবং এর মাধ্যমে হিন্দু জনসংখ্যা কমানোর ষড়যন্ত্র করা হচ্ছে। এমনকি রক্ত পরীক্ষা না করানোরও আহ্বান জানান তিনি।

এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। শনিবার নন্দীগ্রামে সভা থেকে তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কর্মসূচির কথা শুনে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে। তাঁর বক্তব্য, “সেবাশ্রয়ের ট্যাবলেট খেলে হিন্দু মা-বোনদের সন্তান হবে না এমন কথা মাথা ঠিক থাকলে কেউ বলতে পারে না।” প্রাক্তন রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে শুভেন্দুর এমন মন্তব্যে তিনি ব্যক্তিগতভাবে দুঃখিত বলেও জানান।

এদিন পার্থ ভৌমিক শুধু কটাক্ষেই থামেননি, নন্দীগ্রাম থেকেই শুভেন্দু অধিকারীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, “আপনি যেন নন্দীগ্রাম থেকে পালিয়ে না যান। এখান থেকেই আবার বিধানসভা ভোটে দাঁড়ান। নন্দীগ্রামের মানুষই সারা দেশকে দেখিয়ে দেবে, আপনি কতটা মানুষের পাশে আছেন আর কতটা শুধুই মিডিয়ার সঙ্গে।”

সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই নন্দীগ্রামে রাজনৈতিক উত্তাপ চরমে। সেবাশ্রয় শিবিরকে ঘিরে বিতর্ক, পালটা আক্রমণ আর প্রকাশ্য চ্যালেঞ্জ সবই ইঙ্গিত দিচ্ছে যে ছাব্বিশের ভোট যত এগোবে, নন্দীগ্রামে রাজনৈতিক লড়াই ততই আরও তীব্র হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole