Voter list revision protest:ভোটার তালিকা সংশোধন ঘিরে ক্ষোভ, গোঁসাই আক্রান্তের প্রতিবাদে সোমবার রাজ্য জুড়ে মতুয়াদের পথ অবরোধ!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ‘জবাব’ (Voter list revision protest) চাইতে গিয়ে আক্রান্ত হওয়ার অভিযোগে উত্তপ্ত মতুয়া রাজনীতি। সম্প্রতি শ্যামনগরের বাসিন্দা এক মতুয়া গোঁসাই ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে গিয়ে ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ পড়া নিয়ে প্রশ্ন তুলতে গেলে হামলার শিকার হন বলে অভিযোগ ওঠে। বিরোধী গোষ্ঠীর দাবি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের অনুগামীরাই ওই হামলায় জড়িত।

আরও পড়ুন:https://thenewspole.com/2026/01/04/west-bengal-governor-manifesto-roadmap-president/

এই ঘটনার প্রতিবাদে সোমবার রাজ্য জুড়ে পথ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল সমর্থিত অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর)-এর জেরে বহু বৈধ ভোটারের নাম বাদ পড়েছে। এর প্রতিবাদেই নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই আন্দোলন।

উল্লেখ্য, এসআইআর পর্বে প্রকাশিত খসড়া ভোটার তালিকা (Voter list revision protest) ঘিরে গত ২৪ ডিসেম্বর ঠাকুরনগর ঠাকুরবাড়ি চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন শান্তনু ঠাকুর গোষ্ঠীর সদস্যদের হাতে আক্রান্ত হন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর গোষ্ঠীর একাধিক কর্মী ও সমর্থক। সেই ঘটনার পর থেকেই মতুয়া সমাজের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে।

অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের অভিযোগ, শান্তনু ঠাকুরের প্ররোচনায় বিজেপি ও আরএসএসের ক্যাডারেরা পরিকল্পিত ভাবে মতুয়া সাধু ও গোঁসাইদের উপর হামলা চালিয়েছে। সেই ঘটনার ন্যায্য প্রতিবাদ হিসেবেই রাজ্যজুড়ে পথ অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনের দাবি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

সংগঠনের তরফে জানানো হয়েছে, অবরোধ কর্মসূচির মাধ্যমে ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ দেওয়ার বিষয়টি অবিলম্বে তদন্ত করা এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে। পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও বিক্ষোভ প্রদর্শন করা হবে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন, সম্ভাব্য অশান্তি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।