America: রক্তাক্ত আমেরিকা, অভিযুক্ত প্রেমিক এখন ভারতে! খুনের ঘটনায় মুখ খুলল ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: নববর্ষের (New Year) আনন্দের আবহে আমেরিকায় (America) ঘটে গেল এক ভয়াবহ হত্যাকাণ্ড। প্রাক্তন প্রেমিকের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হল এক ভারতীয় তরুণীর নিথর দেহ। ঘটনায় অভিযুক্ত হিসেবে সন্দেহ করা হচ্ছে তাঁরই প্রাক্তন প্রেমিককে, যিনি ঘটনার পর আমেরিকা (America) ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছেন বলে পুলিশের অনুমান। এই নৃশংস ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যে।

আরও পড়ুন: Career Opportunity: একাদশদ্বাদশে এডুকেশন পড়েছেন? উচ্চশিক্ষা থেকে কর্মজীবন! কোন পথে খুলছে সম্ভাবনার দরজা

নিহত তরুণীর নাম নিকিতা গোডিসালা। বয়স ২৭ বছর। পেশায় তিনি একজন তথ্যপ্রযুক্তি কর্মী ছিলেন। মেরিল্যান্ডের হাওয়ার্ড কাউন্টির এলিকট সিটি এলাকায় তাঁর বাস ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নববর্ষের রাতে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান নিকিতা। দীর্ঘ সময় তাঁর সঙ্গে যোগাযোগ না হওয়ায় উদ্বিগ্ন হয়ে ওঠে পরিবার ও পরিচিত মহল।

পুলিশ জানিয়েছে, ৩০ ডিসেম্বর রাতে শেষবার নিকিতাকে দেখা যায়। এরপর ২ জানুয়ারি থানায় গিয়ে নিখোঁজের অভিযোগ দায়ের করেন তাঁর প্রাক্তন প্রেমিক অর্জুন শর্মা। তিনি পুলিশকে জানান, নববর্ষের রাতেই নিজের ফ্ল্যাটে নিকিতাকে শেষবার দেখেছিলেন। এই তথ্যের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তের অংশ হিসেবে পরের দিনই অর্জুন শর্মার ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। সেখানেই উদ্ধার হয় নিকিতা গোডিসালার মৃতদেহ। পুলিশের প্রাথমিক অনুমান, ৩১ ডিসেম্বর সন্ধ্যা সাতটার পর কোনও এক সময় তাঁকে খুন করা হয়েছে। ঘটনাস্থলের পরিস্থিতি এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে পুলিশের ধারণা, ফ্ল্যাটের মধ্যেই খুনটি সংঘটিত হয়েছে।

তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গেই আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। পুলিশ জানতে পারে, নিখোঁজের অভিযোগ দায়ের করার পরদিনই আমেরিকা ছেড়ে ভারতে পাড়ি দিয়েছেন অর্জুন শর্মা। এর পরেই তাঁর বিরুদ্ধে সন্দেহ আরও জোরালো হয়। পুলিশ ইতিমধ্যেই অর্জুনের বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় ডিগ্রির খুনের মামলা রুজু করেছে। তবে খুনের নির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়।

এদিকে, ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত নিকিতার পরিবারের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি, মার্কিন প্রশাসনের সঙ্গেও ঘনিষ্ঠভাবে যোগাযোগ বজায় রাখা হচ্ছে। আমেরিকা (America) ও ভারতের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকায় অভিযুক্তকে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরু হতে পারে। তবে কূটনৈতিক ও আদালতের জটিলতার কারণে এই প্রক্রিয়া সম্পন্ন হতে দীর্ঘ সময় লাগতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole