নিউজ পোল ব্যুরো: রাজনৈতিক মতপার্থক্য যতই গভীর হোক না কেন, সৌজন্যের বন্ধন যে এখনও অটুট, তারই এক দৃষ্টান্ত মিলল সোমবার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সোমবার সকালেই নিজের সোশাল মিডিয়া এক্স হ্যান্ডলে ‘মমতা দিদি’ সম্বোধন করে তিনি মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। প্রধানমন্ত্রীর এই বার্তা রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
সরকারি নথি অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জন্মদিন ৫ জানুয়ারি। প্রতি বছর এই দিনেই দেশের নানা প্রান্তের রাজনৈতিক নেতা, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ তাঁকে শুভেচ্ছা জানান। সোমবার সকালে প্রধানমন্ত্রী লেখেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।” এই সৌজন্যমূলক বার্তা আবারও সামনে এনে দিল রাজনৈতিক ভিন্নমত থাকা সত্ত্বেও ব্যক্তিগত শুভেচ্ছা বিনিময়ের সংস্কৃতি।
নথি অনুযায়ী, ১৯৫৫ সালের ৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই হিসেবে এ বছর তিনি একাত্তরে পা রাখলেন। বয়স বাড়লেও তাঁর রাজনৈতিক সক্রিয়তায় তার ছাপ বিশেষ দেখা যায় না। রাজ্যের অলিগলি থেকে শুরু করে জাতীয় মঞ্চ মিছিল, সভা, আন্দোলন সর্বত্রই তাঁর উপস্থিতি এখনও সমানভাবে প্রভাবশালী। বহু তরুণ রাজনীতিকের থেকেও বেশি কর্মচঞ্চলতা নিয়ে তিনি রাজপথে নামেন, যা তাঁকে অন্যদের থেকে আলাদা করে তোলে।
তবে সরকারি জন্মতারিখের বাইরেও তাঁর জন্ম নিয়ে রয়েছে এক অন্য গল্প। নিজের লেখা বই ‘একান্তে’-র ৮৪ নম্বর পাতায় মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, মায়ের কথায় জানা যায় দুর্গাপুজোর মহাষ্টমীর দিন সন্ধিপুজোর সময় তাঁর জন্ম। বইয়ে তিনি লেখেন, টানা কয়েকদিনের প্রবল বৃষ্টির পর তাঁর জন্মের সঙ্গে সঙ্গেই নাকি বৃষ্টি থেমে যায়। এই স্মৃতিচারণ আজও তাঁর অনুরাগীদের মধ্যে বিশেষ আবেগ তৈরি করে।
দুর্গাষ্টমী হোক বা ৫ জানুয়ারি জন্মদিন মানেই কাজ থেকে বিরতি, এমনটা কখনওই তাঁর জীবনে দেখা যায়নি। প্রতিবারের মতো এবারও জন্মদিনে প্রশাসনিক দায়িত্বেই ব্যস্ত থাকছেন বাংলার ‘অগ্নিকন্যা’। সোমবার দুপুরে তিনি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে যাবেন এবং মুড়িগঙ্গার উপর একটি গুরুত্বপূর্ণ সেতুর শিলান্যাস করবেন। জন্মদিনেও রাজ্যের কাজকে অগ্রাধিকার দেওয়াই যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চিরচেনা রীতি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
