নিউজ পোল ব্যুরো: বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিকে সামনে রেখে বুধবার সল্টলেকে স্বাস্থ্যভবন অভিযানে (Protest) নামেন রাজ্যের আশাকর্মীরা। সকাল থেকেই এই কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়তে শুরু করে। মিছিল শুরু হতেই পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। স্বাস্থ্যভবনের (Swasthya Bhawan) দিকে এগোনোর পথে একাধিক জায়গায় ব্যারিকেড দিয়ে আশাকর্মীদের আটকে দেয় পুলিশ। এর পরেই পরিস্থিতি দ্রুত অগ্নিগর্ভ হয়ে ওঠে। ক্ষুব্ধ আশাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করেন, শুরু হয় ধস্তাধস্তি। মুহূর্তের মধ্যেই সল্টলেকের (Saltlake) ওই এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়।
আশাকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা অত্যন্ত কম পারিশ্রমিকে কাজ করে চলেছেন। তাঁদের ন্যূনতম মাসিক বেতন ১৫ হাজার টাকা করতে হবে, পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধাও নিশ্চিত করতে হবে। এই দাবি পূরণ না হলে তাঁরা স্বাস্থ্যভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। আশাকর্মীদের বক্তব্য, রাজ্যের প্রান্তিক মানুষকে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাঁদের প্রাপ্য সম্মান ও আর্থিক নিরাপত্তা দেওয়া হচ্ছে না।
পরিস্থিতির গুরুত্ব বুঝে স্বাস্থ্যভবনের প্রধান গেট বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। সকাল থেকেই গোটা এলাকা পুলিশি ঘেরাটোপে মুড়ে ফেলা হয়। তৈরি করা হয় একাধিক স্তরের ব্যারিকেড। তবে তাতেও আন্দোলনকারীদের রুখে রাখা যায়নি। মিছিল কিছুটা এগোতেই আশাকর্মীরা একের পর এক ব্যারিকেড ভেঙে স্বাস্থ্যভবনের মূল গেটের সামনে পৌঁছে যান।
সূত্রের খবর, রাজ্যজুড়ে প্রায় তিন হাজার আশাকর্মী বর্তমানে কর্মরত রয়েছেন। অতীতে একাধিকবার তাঁদের ভাতা বাড়ানো হলেও ন্যূনতম বেতন কাঠামো নিয়ে অসন্তোষ থেকেই গিয়েছে। সেই ক্ষোভ থেকেই এদিনের এই কর্মসূচি বলে দাবি আন্দোলনকারীদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় আধিকারিকদের। স্বাস্থ্যভবনের গেটের বাইরে বসে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন আশাকর্মীরা। তাঁদের দাবি অবিলম্বে মেনে নেওয়া না হলে আন্দোলন আরও তীব্র করারও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে প্রশাসন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
