Egra: গ্রেপ্তারির প্রতিবাদে গণইস্তফা! এগরার পুরপ্রধানের সমর্থনে রাস্তায় নামল নাগরিক সমাজ

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: এগরা (Egra) পুরসভার চেয়ারম্যান স্বপন নায়কের গ্রেপ্তারের পর থেকেই অশান্ত হয়ে উঠেছে গোটা শহর। রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোড়ন। চেয়ারম্যানের গ্রেপ্তারের প্রতিবাদে এবার গণইস্তফার পথে হাঁটলেন এগরা শহর তৃণমূল কংগ্রেসের (TMC) একাধিক গুরুত্বপূর্ণ পদাধিকারী। দলীয় সূত্রে জানা গিয়েছে, শহর তৃণমূলের পরামর্শদাতা, সহকারী সম্পাদক, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি এবং একাধিক কাউন্সিলর একযোগে তাঁদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে সেই গণইস্তফার কথা প্রকাশ্যে জানান তাঁরা। সাংবাদিকদের সামনে ইস্তফাপত্রও তুলে ধরেন তৃণমূল নেতারা।

আরও পড়ুন: Santanu Thakur: ‘যাঁরা আপনাদের কথায় CAA ফর্ম ফিলাপ করেননি, তাঁদের কী হবে?’ মমতাকে সরাসরি প্রশ্ন শান্তনুর

ইস্তফাপত্রে উল্লেখ করা হয়েছে, এগরা (Egra) শহরের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাঁরা নিজ নিজ সাংগঠনিক পদে থাকতে পারছেন না। তবে একইসঙ্গে তাঁরা স্পষ্ট করে দেন, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে সাধারণ কর্মী হিসেবেই তাঁরা কাজ করে যাবেন। দলের প্রতি আনুগত্যে কোনও প্রশ্ন নেই বলেও দাবি করেন ইস্তফাকারীরা। বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের গণইস্তফা যে শাসকদলের অস্বস্তি বাড়িয়েছে, তা মানছেন রাজনৈতিক পর্যবেক্ষকরাও।

এদিকে চেয়ারম্যানের সমর্থনে পথে নামেন এগরার (Egra) নাগরিক সমাজের একাংশ। সোমবার শহরে মিছিল করে স্বপন নায়কের গ্রেপ্তারের প্রতিবাদ জানান তাঁরা। নাগরিকদের দাবি, চেয়ারম্যানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, আইন অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এগরা পুরসভা এলাকার ১ নম্বর খতিয়ানের জমি বেআইনিভাবে হস্তান্তরের অভিযোগে স্বপন নায়কের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এক আধিকারিকের অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, পুরপ্রধান থাকাকালীন তিনি ক্ষমতার অপব্যবহার করে মূল্যবান সরকারি জমি নামমাত্র মূল্যে নির্দিষ্ট কয়েকজন ব্যক্তির হাতে তুলে দেন। সেই অভিযোগের তদন্ত করেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।

এই গ্রেপ্তারি ঘিরেই শহরজুড়ে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার থেকেই প্রতিবাদ শুরু হয়, আর মঙ্গলবার তৃণমূলের স্থানীয় নেতৃত্বের গণইস্তফায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সব মিলিয়ে এগরার রাজনৈতিক অস্থিরতা এখন রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole