নিউজ পোল ব্যুরো: নির্বাচন কমিশনের সাম্প্রতিক ঘোষণায় স্পষ্ট করা হয়েছে যে, ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে SIR প্রক্রিয়ায় এখন CAA (Citizenship Amendment Act) সার্টিফিকেট গ্রহণযোগ্য নথি হিসেবে বিবেচিত হবে। এই ঘোষণার পরই রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক দানা বাঁধে। বিষয়টিকে কেন্দ্র করে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন বিজেপি নেতা শান্তনু ঠাকুর।
এর আগে একাধিকবার তৃণমূল কংগ্রেস এবং দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে CAA-র বিরোধিতা করেছিলেন। বিভিন্ন সভা-সমাবেশে তিনি এই আইন নিয়ে কেন্দ্রের সমালোচনা করেন এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা দেন। ‘ক্যা-ক্যা ছিঃ ছিঃ’ মন্তব্য করে CAA নিয়ে আপত্তিও তুলেছিলেন তিনি। সেই প্রেক্ষাপটেই এবার শান্তনু ঠাকুরের কটাক্ষ আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
এদিন শান্তনু ঠাকুর বলেন, এক সময় তৃণমূল নেতৃত্ব মানুষকে CAA ফর্ম পূরণ না করার পরামর্শ দিয়েছিল। সেই পরামর্শে অনেকেই আবেদন করেননি। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, যাঁরা নতুন করে ফর্ম ৬ পূরণ করবেন, তাঁদের ক্ষেত্রে CAA সার্টিফিকেট বৈধ নথি হিসেবে গণ্য হবে। ফলে যাঁরা আগে তৃণমূলের কথায় আবেদন করেননি, তাঁরা এখন সমস্যায় পড়তে পারেন। শান্তনুর প্রশ্ন, এই অবস্থার দায় কে নেবে? তাঁর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সময় যাঁরা মানুষকে ভুল পথে চালিত করেছিলেন, তাঁদেরই এই প্রশ্নের জবাব দিতে হবে।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর নির্বাচন কমিশন স্পষ্ট জানায়, শুধুমাত্র নতুন করে ফর্ম ৬ জমা দেওয়ার ক্ষেত্রেই CAA সার্টিফিকেট গ্রহণ করা হবে। ইতিমধ্যেই ভোটার তালিকার খসড়া প্রকাশিত হয়েছে। মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ CAA-তে আবেদন করে নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন। কমিশনের পক্ষ থেকে যে নথিগুলির তালিকা দেওয়া হয়েছিল, সেখানে শুরুতে নাগরিকত্বের সার্টিফিকেটের উল্লেখ না থাকায় বিভ্রান্তি তৈরি হয়। পরে কমিশন বিষয়টি পরিষ্কার করে দেয়।
এই প্রসঙ্গেই শান্তনু ঠাকুর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি মনে করিয়ে দেন, ২০২৪ সালের ১২ মার্চ হাবরার এক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, CAA পোর্টালে আবেদন করলেই নাকি এতদিনের নাগরিকত্ব বাতিল হয়ে যাবে এবং সুযোগ-সুবিধা হারাতে হবে। সেই বক্তব্যের পর অনেক মানুষ আবেদন করতে ভয় পেয়েছিলেন। এখন কমিশনের ঘোষণার পর সেই বক্তব্য নিয়েই নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
