Liam Rosenior: চেলসির নতুন কোচ লিয়াম রোজেনিয়র

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: স্ট্যামফোর্ড ব্রিজে আসার দৌড়ে অনেকেই ছিলেন। এমনকি প্রাক্তন ক্লাবের দায়িত্ব নিতে নিজে থেকে আগ্রহ দেখিয়েছিলেন হোসে মরিনহো। কিন্তু সকলকে পিছনে ফেলে চেলসির (Chelsea) প্রধান কোচের দায়িত্ব দেওয়া হল লিয়াম রোজেনিয়রকে (Liam Rosenior)। মঙ্গলবার ছ’বছরের চুক্তিতে চেলসির দায়িত্ব নিলেন ৪১ বছর বয়সি এই ইংলিশ কোচ। এদিনই সকালে ফরাসি ক্লাব স্ট্রসবার্গের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তিনি। তারপরই চেলসির চুক্তিপত্রে সই করেন রোজনিয়র। ২০৩২ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তিতে তিনি স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দিয়েছেন।

আরও পড়ুন:ISL Update: সুখবর! অবশেষে শুরু হচ্ছে আইএসএল

লিয়াম রোজেনিয়র একজন প্রাক্তন ফুটবলার, যিনি ফুলহ্যাম, হাল সিটি এবং ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের হয়ে খেলেছেন। কোচিং কেরিয়ারে তিনি গত কয়েক বছরে চমকপ্রদ সাফল্য দেখিয়েছেন। কোচিং জীবনের শুরুতে তিনি ওয়েন রুনির সহকারী হিসেবে কাজ করেন। হাল সিটিতে প্রধান কোচ হিসেবে তার কাজ প্রশংসিত হয়। চেলসিতে আসার ঠিক আগে তিনি ফরাসি ক্লাব স্ট্রাসবার্গের দায়িত্বে ছিলেন। সেখানে তার অধীনে দলটি ১৯ বছর পর প্রথমবারের মতো ইউরোপীয় প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করে। বর্তমানে স্ট্রাসবার্গ লিগ ওয়ানে সপ্তম স্থানে রয়েছে। ব্লু-কো (BlueCo) মালিকানাধীন চেলসি এবং স্ট্রাসবার্গ একই কনসোর্টিয়ামের অধীনে থাকায় রোজেনিওরের কাজের ধরণ মালিকপক্ষের কাছে অত্যন্ত পরিষ্কার ছিল। স্ট্রাসবার্গে তিনি তরুণ খেলোয়াড়দের নিয়ে দুর্দান্ত কাজ করেছেন। তার খেলার ধরন আধুনিক এবং আক্রমণাত্মক, যা চেলসির বর্তমান স্কোয়াডের সাথে সামঞ্জস্যপূর্ণ।

চেলসি বর্তমানে প্রিমিয়ার লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। লিগ লিডার আর্সেনালের চেয়ে তারা ১৭ পয়েন্ট পিছিয়ে। রোজেনিয়রের সামনে বড় চ্যালেঞ্জ হল আসন্ন এফএ কাপ (FA Cup) এবং ইএফএল কাপের (EFL Cup) সেমিফাইনালে সাফল্য পাওয়া। এর জন্য দলের পারফরম্যান্সে ধারাবাহিকতা ফিরিয়ে আনাতে হবে তাকে। চেলসিতে যোগ দেওয়ার পর লিয়াম রোজেনিওর আবেগঘন বার্তায় বলেন,

“চেলসির মতো একটি ঐতিহাসিক ক্লাবের প্রধান কোচ হতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানের। আমার লক্ষ্য হবে ক্লাবের আদর্শ বজায় রেখে একটি বিজয়ী দল গড়ে তোলা। আমি এই মেধাবী খেলোয়াড়দের সাথে কাজ শুরু করার জন্য মুখিয়ে আছি।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

আগামী শনিবার এফএ কাপে চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচ দিয়ে চেলসির ডাগআউটে রোজেনিয়রের যাত্রা শুরু হতে পারে। ভক্তরা আশা করছেন, তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলে তিনি চেলসিকে আবারও ট্রফির স্বাদ দেবেন।