Royal Challengers Bengaluru : রাজস্থানের পর ঘর বদলাচ্ছে আরসিবি

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) সমর্থকদের জন্য হতাশা। ঘর বদলাচ্ছে বিরাটবাহিনীর। আইপিএল ২০২৬ (IPL 2026) মরসুমে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরের মাঠ নিয়ে। সূত্রের খবর, সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে। বিরাট কোহলির (Virat Kohli) দল আরসিবি আগামী মরসুমে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ফিরতে চাইছে না। সম্ভাব্য কারণ হিসেবে উঠে আসছে আইপিএল ট্রফি জয়ের পর কর্ণাটক রাজধানীতে হওয়া উদযাপন অনুষ্ঠানে পদপিষ্টের ঘটনা। সেই মর্মান্তিক ঘটনায় ১১ জনের মৃত্যু এবং বহু মানুষ আহত হওয়ার পর ব্যাপক নেতিবাচক প্রচারের মুখে পড়ে ফ্র্যাঞ্চাইজি।

আরও পড়ুন:Super Cup Espana: সেমিফাইনালে মাদ্রিদ ডার্বি জিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল

২০০৮ সালে আইপিএল শুরুর পর থেকে বেঙ্গালুরুই ছিল আরসিবির ঘরের মাঠ। কিন্তু এখনও পর্যন্ত কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (KSCA)-এর সঙ্গে কোনও আনুষ্ঠানিক যোগাযোগ করেনি ক্লাব কর্তৃপক্ষ। ফলে মার্চ ২১ থেকে আইপিএল শুরু হওয়ার আগে সময়ের বিরুদ্ধে লড়াই শুরু হয়ে গিয়েছে ভেঙ্কটেশ প্রসাদের নেতৃত্বাধীন কেএসসিএ-র।

যদিও সম্প্রতি রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার জোর দিয়ে বলেছেন, আইপিএলের ম্যাচ বেঙ্গালুরু থেকে সরবে না। কিন্তু বাস্তবে আরসিবি কর্তৃপক্ষ চিন্নাস্বামীতে খেলতে আর আগ্রহী নয়। গত বছরের মর্মান্তিক ঘটনার পর গোটা কর্নাটকে ফ্র্যাঞ্চাইজির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছে তারা। তার উপর পুরো ঘটনার দায় যেভাবে আরসিবির ঘাড়ে চাপানোর চেষ্টা হয়েছে, তাতেও ক্ষুব্ধ ফ্র্যাঞ্চাইজির শীর্ষকর্তারা। ফলে নতুন হোমগ্রাউন্ডেই যাওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত।প্রথমে পুণের এমসিএ স্টেডিয়ামকে ঘরের মাঠ করার কথা ভাবা হয়েছিল। তবে শেষ পর্যন্ত পুণেতে রাজস্থান রয়্যালস খেলতে পারে বলেই আরসিবি সেখান থেকে সরে আসে। এই পরিস্থিতিতে ছত্তিশগড়ের রায়পুর আরসিবির নতুন ‘হোম ভেন্যু’ হওয়ার দৌড়ে এগিয়ে। ইদানীং এই স্টেডিয়ামে বিভিন্ন প্রদর্শনী ও অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের লিগের ম্যাচও আয়োজন করা হচ্ছে। মধ্যপ্রদেশের ইন্দোরও বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

উল্লেখযোগ্যভাবে, ২০২৫ সালের ডিসেম্বর মাসে দিল্লির হয়ে বিরাট কোহলির বিজয় হাজারে ম্যাচ শেষ মুহূর্তে চিন্নাস্বামী থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। এদিকে রাজস্থান রয়্যালসও (Rajasthan Royals) ২০২৬ আইপিএলে নিজেদের ঘরের মাঠ বদলাচ্ছে। রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিরোধ এবং ম্যাচ ফিক্সিং সংক্রান্ত বিতর্কের জেরে সাওয়াই মানসিংহ স্টেডিয়াম ছেড়ে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে খেলবে তারা। পুনের এই মাঠে আগেও একাধিক আইপিএল ও আন্তর্জাতিক ম্যাচ সফলভাবে আয়োজিত হয়েছে।