Google Gemini:অ্যাপলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই-য়ে গুগল! ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের ভিত্তিতে পরিষেবা দেবে জেমিনি

প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: কৃত্রিম মেধা নির্ভর প্রযুক্তির দুনিয়ায় প্রতিযোগিতা দিন দিন আরও তীব্র হচ্ছে। সেই দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল গুগল। তাদের জনপ্রিয় চ্যাটবট জেমিনি -কে আরও ব্যবহারবান্ধব করে তুলতে এবার চালু করা হল নতুন ফিচার— ‘পার্সোনাল ইন্টেলিজেন্স’ । এই আপডেটের মাধ্যমে জেমিনি আর শুধু প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং ব্যবহারকারীর ব্যক্তিগত সহকারী হিসেবে দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠবে।

আরও পড়ুন: Gemini AI: ইমেল লিখবে কৃত্রিম মেধা, সময় বাঁচবে ব্যবহারকারীর! জিমেলে বড় আপডেট গুগলের

গুগল সূত্রে জানা গিয়েছে, এই নতুন ব্যবস্থায় ব্যবহারকারীরা চাইলে নিজেদের বিভিন্ন গুগল অ্যাকাউন্ট যেমন— জি-মেল , গুগল ফটোজ , ইউটিউব এবং সার্চ হিস্ট্রি সরাসরি জেমিনির সঙ্গে যুক্ত করতে পারবেন। এর ফলে চ্যাটবটটি ব্যবহারকারীর পছন্দ, অভ্যাস এবং প্রয়োজন সম্পর্কে আরও ভালোভাবে ধারণা পাবে। উদাহরণস্বরূপ, গ্যালারিতে থাকা ছবির ভিত্তিতে ভ্রমণ, কেনাকাটা বা লাইফস্টাইল সংক্রান্ত পরামর্শ দিতে পারবে জেমিনি। শুধু তাই নয়, ইনবক্সে থাকা বিমানের টিকিট, হোটেল বুকিং কিংবা মিটিং সংক্রান্ত ই-মেল বিশ্লেষণ করে মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ ভ্রমণ সূচি বা ইটিনারি তৈরি করে দিতে সক্ষম হবে এই এআই চ্যাটবট । ব্যবহারকারীর শরীরচর্চার অভ্যাস, আগের দিনের কাজের ধরন বা দৈনন্দিন রুটিন বিচার করে স্বাস্থ্য ও ফিটনেস সংক্রান্ত পরামর্শ দেওয়াও এই ফিচারের অন্যতম আকর্ষণ। তবে ব্যক্তিগত তথ্যের সঙ্গে এআই-এর সংযোগ নিয়ে স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। এই বিষয়ে গুগল স্পষ্ট জানিয়েছে, ব্যবহারকারীর প্রাইভেসি (Privacy) ও তথ্য সুরক্ষাকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। ‘পার্সোনাল ইন্টেলিজেন্স’ ফিচারটি ডিফল্টভাবে বন্ধ থাকবে। ব্যবহারকারী নিজে অনুমতি দিলেই কেবল এটি সক্রিয় হবে। কোন কোন অ্যাপে জেমিনি অ্যাক্সেস পাবে, সেই সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতেই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

বর্তমানে এই সুবিধা শুধুমাত্র আমেরিকায় গুগল এআই প্রো এবং আল্ট্রা গ্রাহকদের জন্য চালু হয়েছে। তবে খুব শীঘ্রই ভারত-সহ বিশ্বের অন্যান্য দেশেও এই আপডেট পৌঁছে যাবে বলে জানা গিয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই নতুন ফিচারের মাধ্যমে গুগল মূলত অ্যাপলের ‘অ্যাপল ইন্টেলিজেন্স’-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামতে চাইছে। সব মিলিয়ে, জেমিনি এখন আর কেবল একটি সার্চ টুল নয়— ব্যক্তিগত ডিজিটাল সহকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার দৌড়ে সে বেশ জোরালো ভাবেই এগিয়ে যাচ্ছে।