নিউজ পোল ব্যুরো: বলিউডে গত কয়েক বছরে কাজের সুযোগ কমে যাওয়ার অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীত পরিচালক এ আর রহমান (A.R. Rahman) । তাঁর বক্তব্য, গত আট বছরে একাধিক কাজ হাতছাড়া হয়েছে তাঁর। এর নেপথ্যে তিনি ধর্মীয় বিভাজন ও রাজনৈতিক পরিবেশকে দায়ী করেছেন। রহমানের এই মন্তব্য ঘিরে এ বার রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর আলোচনা। বিষয়টি নিয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া দিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) দলের মুখপাত্র ওয়ারিস পাঠান।
রহমানের বক্তব্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলিতে দেশের ক্ষমতার কাঠামোয় এমন মানুষদের প্রভাব বেড়েছে, যাঁরা সৃজনশীলতার মূল্য বোঝেন না। তাঁর দাবি, এই পরিবর্তনের ফলেই তিনি একাধিক গুরুত্বপূর্ণ কাজ হারিয়েছেন। যদিও ধর্মীয় বিভাজনের বিষয়টি সরাসরি তাঁর মুখের উপর কেউ বলেনি বলেও উল্লেখ করেছেন সুরস্রষ্টা, তবু এই পরিস্থিতির প্রভাব যে তিনি অনুভব করেছেন, তা স্পষ্ট করেছেন।
এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওয়ারিস পাঠান বলেন, এ আর রহমান একজন আন্তর্জাতিক স্তরের শিল্পী। তাঁর মতো একজন অভিজ্ঞ মানুষ যদি এ ধরনের কথা বলেন, তা হলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। যদিও পাঠান স্বীকার করেছেন, তিনি নিজে রহমানের মন্তব্য সরাসরি শোনা বা পড়েননি, তবুও তাঁর মতে, এই অভিযোগ হালকাভাবে উড়িয়ে দেওয়া উচিত নয়।
বলিউডে ধর্মীয় ভেদাভেদ বা কুসংস্কার আদৌ রয়েছে কি না—এই প্রশ্নে রহমান তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তিনি জানান, ক্ষমতার পরিবর্তনের পর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে। তাঁর মতে, যাঁরা বর্তমানে ক্ষমতায় রয়েছেন, তাঁদের অনেকেই সৃজনশীল জগতের সঙ্গে যুক্ত নন। পাশাপাশি, সমাজে বেড়ে চলা ধর্মীয় মেরুকরণও এর একটি কারণ হতে পারে।
রহমানের বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করেছেন ওয়ারিস পাঠান। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই দেশে ঘৃণা ও বিভাজনের রাজনীতি বৃদ্ধি পেয়েছে। তাঁর অভিযোগ, এর ফলেই সমাজে হিংসা, মেরুকরণ এবং লিঞ্চিংয়ের মতো ঘটনা বেড়েছে। পাঠানের দাবি, এই পরিবেশের প্রভাব বিনোদন জগতেও পড়ছে এবং শিল্পীরাও তার বাইরে নন। এ প্রসঙ্গে তিনি সরাসরি পদ্মশিবিরকে কটাক্ষ করেন।
এ আর রহমানের (A.R. Rahman) মন্তব্য ঘিরে ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। কেউ একে সাহসী বক্তব্য বলে প্রশংসা করছেন, আবার কেউ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য বলেও আক্রমণ করছেন। তবে একথা অনস্বীকার্য যে, রহমানের মতো একজন শিল্পীর অভিজ্ঞতা ফের একবার বলিউড ও সমাজে বিদ্যমান বিভাজনের প্রশ্নটিকে সামনে এনে দিয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
