নিউজ পোল ব্যুরো: ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে (Humayun Kabir) কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে সোমবার এই মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালত জানিয়ে দেয়, আগামী দু’সপ্তাহের মধ্যে হুমায়ুন কবীরকে (Humayun Kabir) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানাতে হবে। কেন্দ্র যদি তাঁকে জেড কিংবা ওয়াই যে কোনও স্তরের নিরাপত্তা মঞ্জুর করে, তার সম্পূর্ণ খরচ বহন করতে হবে বিধায়ককেই।
আরও পড়ুন: Supreme Court: ‘দাগি’ না হলেও বয়সে ছাড় নয়! এসএসসি-তে চাকরিহারাদের নিয়োগে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ
প্রসঙ্গত, কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেস (TMC) দলবিরোধী কার্যকলাপের অভিযোগে হুমায়ুন কবীরকে (Humayun Kabir) সাসপেন্ড করে। দল থেকে সাসপেন্ড হওয়ার পরই তিনি দাবি করেন, একাধিক দিক থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন। সেই সঙ্গে সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখেও পড়তে হয়েছে তাঁকে। এমনকি তাঁর নিরাপত্তায় থাকা রাজ্য পুলিশের এক কর্মীর সঙ্গে বিধায়ক-পুত্রের বিতর্কও প্রকাশ্যে আসে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতেই হুমায়ুন কবীর (Humayun Kabir) কেন্দ্রীয় নিরাপত্তার দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। এর আগেই এই মামলায় কেন্দ্রের কাছে ব্যাখ্যা তলব করেছিল আদালত। সোমবার ফের মামলাটি শুনানির জন্য ওঠে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে। শুনানির সময় বিধায়কের আইনজীবী দাবি করেন, বর্তমানে একজন বিধায়ক হিসেবে যে নিরাপত্তা তিনি পাচ্ছেন, তা পর্যাপ্ত নয় এবং তাঁর নিরাপত্তা ঝুঁকি যথেষ্ট গুরুতর।
দীর্ঘ সওয়াল-জবাবের পর আদালত স্পষ্ট জানিয়ে দেয়, কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রক। তবে সেই নিরাপত্তার সমস্ত আর্থিক দায়িত্ব হুমায়ুন কবীরকেই বহন করতে হবে। পাশাপাশি, নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন জানানো বাধ্যতামূলক বলেও নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
