নিউজ পোল ব্যুরো: নতুন করে ফের অশান্ত হয়ে উঠল ভাঙড় (Bhangar)। তৃণমূল কংগ্রেসের (TMC) এক কর্মীকে লক্ষ্য করে একের পর এক বোমা ছোড়ার অভিযোগ ঘিরে এলাকাজুড়ে চরম উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তৃণমূল কর্মী কামাল পুরকেইত। তবে বিস্ফোরণের আঘাতে তাঁর বাঁ হাতের একটি বড় অংশ ঝলসে গিয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার পিছনে স্থানীয় আইএসএফের (ISF) হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। যদিও সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে আইএসএফ নেতৃত্ব।
সোমবার গভীর রাতে ভাঙড়ের (Bhangar) পাগলাহাট এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ভাঙড় (Bhangar) ডিভিশনের উত্তর কাশীপুর থানার পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তদন্ত। একই সঙ্গে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযানও শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে নিজের কাজ সেরে বাড়ি ফিরছিলেন কামাল পুরকেইত। তাঁর বাড়িও পাগলাহাট এলাকাতেই। অভিযোগ, সেই সময়ই ওঁত পেতে থাকা দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে পরপর দু’টি বোমা নিক্ষেপ করে। কোনওক্রমে প্রাণে বাঁচলেও একটি বোমার স্প্লিন্টারে তাঁর বাঁ হাত গুরুতরভাবে জখম হয়। বিস্ফোরণের শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই আহত কামালকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তাঁর হাতের ক্ষত গুরুতর হলেও আপাতত তিনি বিপন্মুক্ত।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি, এলাকায় অশান্তি ছড়াতে পরিকল্পিতভাবেই আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। পাল্টা আইএসএফ নেতৃত্বের অভিযোগ, ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই। বরং তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতীরাই পরিস্থিতি অশান্ত করতে এই ঘটনা ঘটিয়েছে। বর্তমানে গোটা বিষয়টি খতিয়ে দেখছে কাশীপুর থানার পুলিশ। কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত, তা জানতে তদন্ত জোরদার করা হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
