Thalapathy Vijay political rally:‘ঝুঁকেগা নেহি’, সিবিআই ‘হেনস্তা’র জবাবে গণতন্ত্রের ‘যুদ্ধে’ নামার হুঙ্কার থলপতি বিজয়ের, নিশানায় বিজেপি!

রাজনীতি

নিউজ পোল ব্যুরো:স্রেফ ভোটের লড়াই নয়, তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনকে সরাসরি গণতন্ত্র রক্ষার যুদ্ধ বলে ঘোষণা করলেন থলপতি বিজয় (Thalapathy Vijay political rally)। সিবিআই জেরা সেরে রবিবার মমল্লপুরমে দলীয় সভা থেকে কার্যত রণহুঙ্কার দিলেন দক্ষিণী সুপারস্টার। স্পষ্ট বার্তা—চাপ যতই আসুক, মাথা নত করবেন না।

আরও পড়ুন:https://thenewspole.com/2026/01/25/abhijit-gangopadhyay-explosive-claim-new-scam-west-bengal/

অভিনয় জগত থেকে সরে এসে রাজনীতিতে পুরোপুরি পা রাখার পর থেকেই একাধিকবার সিবিআইয়ের তলবের মুখে পড়তে হয়েছে বিজয়কে। সেই প্রসঙ্গেই প্রথমবার প্রকাশ্যে মুখ খুলে তিনি বলেন,“যতই চাপ দেওয়া হোক, আমরা আত্মসমর্পণ করব না। কোনও অবস্থাতেই মাথা নোয়াব না।”

রবিবারের সভায় তিন হাজারেরও বেশি দলীয় নেতা-কর্মীর সামনে বিজয় তাঁদের ‘কমান্ডো’ বলে সম্বোধন করেন। নাম না করে বিজেপিকে নিশানা করে তাঁর মন্তব্য,“তামিলনাড়ুর নির্বাচন শুধু একটা ভোট নয়, এটা গণতান্ত্রিক যুদ্ধ। আর আপনারাই সেই যুদ্ধে আমার কমান্ডো।”

সূত্রের খবর, সোমবার থেকেই গোটা রাজ্যজুড়ে প্রচারে নামবে বিজয়ের (Thalapathy Vijay political rally) দল টিভিকে। ২৩৪ আসনের বিধানসভা নির্বাচনে কতগুলি আসনে প্রার্থী দেওয়া হবে, তা এখনও চূড়ান্ত নয়। আপাতত কোনও রাজনৈতিক দলের সঙ্গেই জোটে না যাওয়ার অবস্থানেই রয়েছেন থলপতি। ইন্ডিয়া জোট ও এনডিএ—দুই শিবিরকেই সমানভাবে আক্রমণ করেছেন তিনি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

রাজনৈতিক সূত্রের দাবি, শুরুতে একাধিক দল বিজয়ের সঙ্গে জোটে আগ্রহী ছিল। কিন্তু সিবিআই তৎপরতা বাড়তেই কংগ্রেস পিছিয়ে যায়। শেষ পর্যন্ত নিঃশর্তভাবে ডিএমকের সঙ্গেই জোটে থাকার সিদ্ধান্ত নেয় রাহুল গান্ধীর দল। বিজয়ের সমর্থনে টুইট করলেও, সরাসরি জোটে যাচ্ছে না কংগ্রেস।

অন্যদিকে, বিজেপিও নাকি থলপতির সঙ্গে জোটে আগ্রহ দেখিয়েছিল। তবে সেই প্রস্তাবেও রাজি হননি বিজয়। এর পরেই আটকে যায় তাঁর শেষ ছবি ‘জন নয়াগণ’-এর মুক্তি। পদপিষ্ট কাণ্ডে সিবিআইয়ের তলব ঘিরে বিতর্ক আরও ঘনায়।

সব বাধা, চাপ ও বিতর্ক উপেক্ষা করেই নায়কের চেনা মেজাজে রাজনীতির ময়দানে নামার ঘোষণা থলপতির। সাফ বার্তা—চ্যালেঞ্জ যতই আসুক, লড়াই থেকে এক পা-ও পিছু হটবেন না।