নিউজ পোল ব্যুরো:ভোটের মুখে শাসক শিবিরকে কাঠগড়ায় তুলে ‘দলিল যুদ্ধ’ শুরু করল বিজেপি (BJP charge sheet against TMC)। রাজ্যের আইনশৃঙ্খলা, প্রশাসনিক অকার্যকারিতা, দুর্নীতি ও জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত— একাধিক ইস্যুকে সামনে রেখে একযোগে ৩০টি বিধানসভা কেন্দ্র ধরে ধরে ‘চার্জশিট’ প্রকাশ করল গেরুয়া শিবির। বিজেপির দাবি, এখনও পর্যন্ত ৬৫টি বিধানসভা কেন্দ্রকে ঘিরে এমন চার্জশিট প্রকাশিত হয়েছে এবং ফেব্রুয়ারির শেষের মধ্যেই রাজ্যের প্রতিটি কেন্দ্রকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য স্থির করা হয়েছে।
আরও পড়ুন:https://thenewspole.com/2026/02/08/saokat-molla-lakshmir-bhandar-warning-bhangar-controversy/
দলীয় সূত্রে জানানো হয়েছে, সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রগুলির সাধারণ মানুষের কাছ থেকে সংগৃহীত অভিযোগ, অভিজ্ঞতা ও প্রতিক্রিয়ার ভিত্তিতেই এই চার্জশিট তৈরি করা হয়েছে। কোথাও স্থানীয় দুর্নীতি, কোথাও প্রশাসনিক অচলাবস্থা, আবার কোথাও জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত— সব মিলিয়ে শাসক তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি সামগ্রিক ব্যর্থতার ছবি তুলে ধরাই বিজেপির রাজনৈতিক কৌশল।
চার্জশিটে (BJP charge sheet against TMC) রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র ভাষায় আক্রমণ করা হয়েছে। বিজেপির অভিযোগ, বীরভূম ও মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে রাজনৈতিক হিংসা, ভোটপর্বে বুথ দখল এবং বিরোধী কর্মীদের ভয় দেখানোর ঘটনা কার্যত ‘নিয়মে’ পরিণত হয়েছে। পাশাপাশি বেআইনি বালি খাদান, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও অনুপ্রবেশের মতো অভিযোগে প্রশাসনের নিষ্ক্রিয়তার কথাও তুলে ধরা হয়েছে, যা রাজ্যের নিরাপত্তা ও শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলছে বলে দাবি গেরুয়া শিবিরের।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
আবাস প্রকল্প নিয়েও রাজ্য সরকারকে নিশানা করেছে বিজেপি। প্রধানমন্ত্রী আবাস যোজনা (পিএমএওয়াই) বাস্তবায়নে অনিয়ম, প্রকল্পের অর্থ পৌঁছতে বিলম্ব এবং উপভোক্তা নির্বাচনে স্বচ্ছতার অভাব— এই সব অভিযোগ স্থান পেয়েছে চার্জশিটে। বিজেপির দাবি, বিশেষ করে শহরাঞ্চলের বহু দরিদ্র মানুষ এখনও নির্ধারিত আর্থিক সহায়তা পাননি।
চার্জশিটে বিশেষ গুরুত্ব পেয়েছে কর্মসংস্থান দুর্নীতি। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি থেকে শুরু করে স্কুলস্তরের নিয়োগে অনিয়মের প্রসঙ্গ তুলে বিজেপির অভিযোগ, রাজ্যের যুবসমাজ স্থায়ী কাজ ও ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তায় ভুগছে। চাকরিপ্রার্থীদের আস্থা ভেঙে পড়েছে বলেও দাবি করা হয়েছে।
যদিও বিজেপির এই অভিযোগগুলি মানতে নারাজ তৃণমূল। শাসক দলের পাল্টা বক্তব্য, বিচ্ছিন্ন ঘটনাকে অতিরঞ্জিত করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিরোধীরা।
নারী নিরাপত্তা, পঞ্চায়েত ভোটে হিংসা এবং সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ ও পাচার— এই বিষয়গুলিও চার্জশিটে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। বিজেপির প্রশ্ন, প্রশাসনিক দুর্বলতা ও রাজনৈতিক পক্ষপাতিত্বের জেরে রাজ্যে সাধারণ মানুষ আদৌ কতটা নিরাপদ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ৩০টি বিধানসভা কেন্দ্রকে কেন্দ্র করে একসঙ্গে এই চার্জশিট প্রকাশের মধ্য দিয়ে রাজ্যে নিজেদের রাজনৈতিক জমি আরও শক্ত করার চেষ্টা করছে বিজেপি। দুর্নীতি, আইনশৃঙ্খলা, নিয়োগ ও নারী নিরাপত্তা— এই বিষয়গুলিই ক্রমশ রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসছে। চার্জশিটের রাজনৈতিক অভিঘাত কতটা প্রভাব ফেলবে, তা নির্ধারিত হবে ভোটের ফলেই। তবে এটুকু স্পষ্ট, রাজ্যের নির্বাচনী লড়াই আরও তীব্র ও সংঘাতমুখর হয়ে উঠছে।
