Yuva Sathi 2026: বেকারদের স্বস্তি! শুরুতেই বিপুল সাড়া যুব-সাথী প্রকল্পে

breakingnews রাজ্য

নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে ‘বাংলার যুব-সাথী’ প্রকল্পের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। দেড় ঘণ্টাতেই আবেদন সংখ্যা ছাড়াল ৩৪ হাজার। ১৫ ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে ফর্ম বিলি ও জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। রবিবার সকাল থেকেই বিভিন্ন জেলায় ক্যাম্প খোলা হয়েছে। কলকাতা শহরেই ২৯টি ক্যাম্প চালু করা হয়েছে। জেলার ক্ষেত্রে প্রতিটি বিধানসভা কেন্দ্র অনুযায়ী একটি করে ক্যাম্প করা হয়েছে, যা ‘দুয়ারে সরকার’ মডেল অনুসরণে পরিচালিত হচ্ছে। বেকার ভাতা পাওয়ার আশায় বহু জায়গায় দীর্ঘ লাইন দেখা গেছে।

আরও পড়ুন: Mamata Banerjee: বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর! অগস্ট নয়, এপ্রিল থেকেই মিলবে যুব সাথীর ১৫০০ টাকা

রাজ্যের অন্তর্বর্তী বাজেটে এই প্রকল্পের ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার। এই প্রকল্পের আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সি, মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে ঠিক হয়েছিল ১৫ অগস্ট থেকে টাকা দেওয়া হবে, তবে পরে ঘোষণা করা হয় ১ এপ্রিল থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে অফলাইন ক্যাম্পের মাধ্যমে ফর্ম তোলা ও জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আপাতত অনলাইনে আবেদন করার সুযোগ রাখা হয়নি। প্রশাসনিক সূত্রে জানা গেছে, আবেদন জমা পড়ার পর তা যাচাই করা হবে এবং যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে এপ্রিলের শুরু থেকে টাকা দেওয়া হবে। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে।

এদিন ১৭ নম্বর ওয়ার্ডের কাশী বোস লেন ক্যাম্পে উপস্থিত ছিলেন শ্যামপুকুরের বিধায়ক শশী পাঁজা। তিনি জানান, মানুষের ব্যাপক সাড়া প্রমাণ করছে এই প্রকল্প নিয়ে সাধারণ মানুষের আস্থা রয়েছে। একই ছবি দেখা গেছে কোচবিহার, বাঁকুড়া, নামখানা এবং নন্দীগ্রাম-সহ বিভিন্ন এলাকায়।