নিউজ পোল ব্যুরো: খেলার মাঠ থেকে এবার সরাসরি রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন দেশের পরিচিত অ্যাথলিট স্বপ্না বর্মণ (Swapna Barman)। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন। শুক্রবার কলকাতার তৃণমূল (TMC) ভবনে দলের পতাকা হাতে নেবেন জলপাইগুড়ির রাজবংশী পরিবারের এই কন্যা। যোগদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী গৌতম দেব, ব্রাত্য বসু এবং চন্দ্রিমা ভট্টাচার্য।
২০১৮ সালে এশিয়ান গেমসে হেপ্টাথলনে সোনা জিতে দেশের ক্রীড়াজগতে ইতিহাস তৈরি করেছিলেন স্বপ্না বর্মণ (Swapna Barman)। তবে দীর্ঘদিনের পিঠের চোটের কারণে পরবর্তীতে প্রতিযোগিতামূলক অ্যাথলেটিক্স থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দেন তিনি। বর্তমানে তিনি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের কর্মী হিসেবে কর্মরত। বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক মহলে আলোচনা চলছিল, খেলাধুলা থেকে অবসর নিয়ে রাজনীতিতে আসতে পারেন তিনি।
এরই মধ্যে জল্পনা আরও জোরালো হয় চলতি বছরের জানুয়ারিতে। শিলিগুড়ির মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অর্জুন পুরস্কারপ্রাপ্ত এই ক্রীড়াবিদকে সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই মুহূর্ত থেকেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয় স্বপ্না তৃণমূলে যোগ দিতে পারেন।
যদিও এর আগে তাঁকে নিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছিল। এমনকি প্রার্থী হওয়ার জল্পনাও ছিল। তবে বিজেপির পক্ষ থেকে এ বিষয়ে কখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সব জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার তৃণমূল ভবনেই আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিচ্ছেন স্বপ্না বর্মণ (Swapna Barman)। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করতেও পারে শাসকদল। খেলাধুলার ময়দান থেকে রাজনীতির লড়াই স্বপ্নার এই নতুন ইনিংস ঘিরে এখন নজর রাজ্য রাজনীতির।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
