নিউজ পোল ব্যুরো: নুড্লস মানেই ময়দা—এই ধারণা বদলে দিচ্ছে এক নতুন পদ। আলু দিয়ে তৈরি গোলগাল ‘বাটন’ নুড্লস এখন সমাজমাধ্যমে তুমুল জনপ্রিয়। দেখতে ছোট বোতামের মতো, খেতে নরম আর মুখে দিলেই গলে যায়। স্বাদে টক-ঝাল-নোনতার মেলবন্ধন, তার সঙ্গে হালকা ইন্দো-চিনা ছোঁয়া—সব মিলিয়ে এই ‘পোট্যাটো বাটন নুড্লস’ (Potato Button Noodles) এখন খাদ্যপ্রেমীদের নতুন পছন্দ।
আরও পড়ুন:WB Teachers: ৪০% স্কুলে প্রধানশিক্ষক শূন্যপদ! ভারপ্রাপ্ত নিয়োগে দুর্নীতির অভিযোগে তোলপাড় শিক্ষা মহল
এই নুড্লস অনেকটা ইতালির আলুর পাস্তা গ্নোচির মতো হলেও স্বাদে ও পরিবেশনে আলাদা। প্রভাবীরা বাড়িতে বানিয়ে এর সঙ্গে তৈরি করছেন ‘চিলি ক্রিস্প পোট্যাটো নুড্লস’। বানানো সহজ, উপকরণও হাতের কাছেই—তাই চাইলে আপনিও চেখে দেখতে পারেন।
নুড্লস তৈরির উপকরণ
বড় গোল আলু ২৫০ গ্রামপোট্যাটো স্টার্চ বা কর্ন স্টার্চ ১৫০ গ্রামপ্রয়োজনমতো জল
চিলি অয়েলের জন্য
চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কা গুঁড়ো ১ টেবিল চামচরসুন কুচি ১ টেবিল চামচসাদা তিল ১ টেবিল চামচপেঁয়াজকলি কুচি ১ টেবিল চামচরান্নার তেল ২ টেবিল চামচসয়া সস ১ টেবিল চামচচিনি ১ চা চামচঅয়েস্টার সস ১ চা চামচ
প্রস্তুত প্রণালী
প্রথমে আলুর খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে ফুটন্ত জলে ১০–১৫ মিনিট সেদ্ধ করুন। আলু নরম হয়ে গেলে জল ঝরিয়ে ভালো করে চটকে নিন, যেন দলা না থাকে। এবার তাতে স্টার্চ মিশিয়ে প্রয়োজনমতো জল দিয়ে মেখে নরম মণ্ড তৈরি করুন।
মণ্ড থেকে ছোট ছোট অংশ কেটে হাতের তালুতে গোল বল বানান। মাঝখানে আঙুল দিয়ে হালকা চাপ দিয়ে বোতামের মতো গর্ত করে নিলেই তৈরি ‘বাটন’ নুড্লস।
এবার একটি পাত্রে জল ফুটিয়ে নিন। ফুটন্ত জলে আলুর বলগুলো ছেড়ে ৫ মিনিট সেদ্ধ করুন। নুড্লসগুলো জলের উপর ভেসে উঠলে বুঝবেন সেদ্ধ হয়ে গেছে। ছাঁকনি দিয়ে তুলে জল ঝরিয়ে রাখুন।
এর পর তৈরি করুন চিলি ক্রিস্প। একটি বাটিতে চিলি ফ্লেক্স, রসুন, তিল ও পেঁয়াজকলি নিন। আলাদা করে তেল গরম করে মশলার উপর ঢেলে দিন। তারপর সয়া সস, চিনি ও অয়েস্টার সস মিশিয়ে নিন। এই মশলায় সেদ্ধ নুড্লস দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই তৈরি চিলি ক্রিস্প পোট্যাটো বাটন নুড্লস।
টিপস
পোট্যাটো স্টার্চ না থাকলে কর্নফ্লাওয়ার ব্যবহার করা যায়, তবে টেক্সচারে সামান্য পরিবর্তন হতে পারে।
ময়দার নুড্লসের তুলনায় আলুর নুড্লস (Potato Button Noodles) অপেক্ষাকৃত হালকা ও ভিন্ন স্বাদের। দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনই অভিনব—অতিথি এলে পরিবেশন করতেই পারেন এই নতুন পদ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
