Skincare: সকাল-রাত এক নয় ত্বকের চাহিদা, তাই রূপচর্চার নিয়মও আলাদা হওয়া জরুরি

লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: অনেকেই সকাল আর রাতে একই ক্রিম, একই সিরাম ব্যবহার করেন। সকালে সানস্ক্রিন যোগ হয়, রাতে তা বাদ যায়— এতটুকুই যেন তফাত। কিন্তু ত্বক বিশেষজ্ঞদের মতে, বিষয়টি এতটা সহজ নয়। দিনের ত্বকচর্চা (Skincare) আর রাতের ত্বকচর্চার উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা। তাই দু’টি সময়ের যত্নের ধরনও হওয়া উচিত ভিন্ন।

আরও পড়ুন: Morning Exercise: ঘুম থেকে উঠলেই কোমর-পিঠের ব্যথায় কষ্ট পাচ্ছেন? মাত্র ৮ মিনিটের ম্যাজিকে পান মুক্তি

দিনের বেলা ত্বককে লড়তে হয় রোদ, দূষণ, ধুলো ও ঘামের সঙ্গে। ফলে সকালের রুটিনের মূল লক্ষ্য হওয়া উচিত সুরক্ষা। অন্য দিকে, রাত হল ত্বকের (Skincare) পুনর্গঠনের সময়। ঘুমের মধ্যে ক্ষতিগ্রস্ত কোষ নিজে থেকেই মেরামতির কাজ শুরু করে। তাই রাতে প্রয়োজন পুষ্টি ও আর্দ্রতার জোগান।

ক্লিনজিং:
সকালে হালকা ফেসওয়াশ বা ক্লিনজ়ার ব্যবহার করে ঘুমের সময় জমে থাকা তেল ও ঘাম পরিষ্কার করাই যথেষ্ট। এতে ত্বক দিনের জন্য প্রস্তুত হয়। কিন্তু রাতে বাইরে থেকে ফিরে শুধু ফেসওয়াশ যথেষ্ট নয়। প্রথমে মেকআপ ও সানস্ক্রিন তোলার জন্য মাইসেলার ওয়াটার বা অয়েল-বেসড রিমুভার ব্যবহার করা উচিত। তার পরে ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ পরিষ্কার করতে হবে। প্রয়োজনে সপ্তাহে এক-দু’দিন হালকা স্ক্রাবও ব্যবহার করা যেতে পারে।

সিরাম নির্বাচন:
সকাল ও রাতের সিরাম এক হওয়া উচিত নয়। কিছু উপাদান আলো-সংবেদনশীল। যেমন রেটিনল— বলিরেখা কমাতে কার্যকর হলেও দিনের আলোয় ব্যবহার করলে ত্বকে দাগ পড়তে পারে। তাই রেটিনল শুধু রাতের জন্য। অন্য দিকে, হায়ালুরোনিক অ্যাসিড দিন ও রাত দুই সময়েই ব্যবহার করা যায়। ভিটামিন সি বা গ্লাইকোলিক অ্যাসিড সাধারণত দিনের বেলা ব্যবহার করা হলেও, সানস্ক্রিন ব্যবহার করা জরুরি।

ময়েশ্চারাইজার:
দিনে ঘাম হওয়ার সম্ভাবনা থাকে, তাই হালকা ও নন-গ্রিসি ময়েশ্চারাইজ়ার বেছে নেওয়া ভালো। কিন্তু রাতে এমন ক্রিম প্রয়োজন, যা দীর্ঘ সময় ধরে আর্দ্রতা বজায় রাখবে এবং ত্বককে পুষ্টি দেবে। অনেকেই রাতে আলাদা নাইট ক্রিম ব্যবহার করেন, যা ঘুমের সময় ত্বককে পুনরুজ্জীবিত হতে সাহায্য করে।

সানস্ক্রিন ও ব্লু-লাইট সুরক্ষা:
দিনের রুটিনে সানস্ক্রিন অপরিহার্য। সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের অকাল বার্ধক্য, দাগ ও রুক্ষতা ডেকে আনতে পারে। তাই বাইরে না বেরোলেও সানস্ক্রিন ব্যবহার করা ভালো। তবে রাতে সানস্ক্রিনের প্রয়োজন নেই। তার বদলে যারা দীর্ঘ সময় মোবাইল বা ল্যাপটপের সামনে থাকেন, তারা ব্লু-লাইট সুরক্ষাকারী পণ্য ব্যবহার করতে পারেন।

সারকথা, সকাল মানে সুরক্ষা— আর রাত মানে মেরামতি ও পুষ্টি। ত্বকের স্বাভাবিক ছন্দ বুঝে যত্ন নিলে তবেই মিলবে দীর্ঘমেয়াদি সুফল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole