নিউজ পোল ব্যুরো: অনেক বাড়িতেই ছোটদের শরীরে তেলমালিশ (Oil Massage) করার রীতি বহু দিনের। বিশেষ করে শীতকালে এই অভ্যাস আরও বেড়ে যায়। শুধু শরীর নয়, স্নানের আগে শিশুর মাথায় ভাল করে তেল দিয়ে মালিশ করাও অনেক অভিভাবকের নিয়মিত রুটিন। তাঁদের বিশ্বাস, নিয়মিত তেলমালিশ করলে শিশুর চুল ঘন, লম্বা ও চকচকে হবে। কিন্তু এই ধারণার বৈজ্ঞানিক ভিত্তি কতটা?
আরও পড়ুন: Morning Exercise: ঘুম থেকে উঠলেই কোমর-পিঠের ব্যথায় কষ্ট পাচ্ছেন? মাত্র ৮ মিনিটের ম্যাজিকে পান মুক্তি
শিশুরোগ বিশেষজ্ঞ সুদীপ্ত কর জানাচ্ছেন, শিশুর চুলের বৃদ্ধি বা ঘনত্ব মূলত নির্ভর করে জিনগত বৈশিষ্ট্যের উপর। অর্থাৎ বাবা-মায়ের থেকে পাওয়া জিনই ঠিক করে দেয় চুল কেমন হবে— সোজা না কোঁকড়ানো, ঘন না পাতলা। বাইরে থেকে তেল মাখিয়ে এই বৈশিষ্ট্য বদলানো সম্ভব নয়।
চিকিৎসকের ব্যাখ্যা অনুযায়ী, মাথার ত্বকে স্বাভাবিকভাবেই সিবেসিয়াস গ্রন্থি থাকে। এই গ্রন্থি থেকে সেবাম নামে এক ধরনের প্রাকৃতিক তেল নিঃসৃত হয়, যা ত্বককে আর্দ্র রাখে এবং চুলের প্রয়োজনীয় পুষ্টি জোগায়। তাই অতিরিক্ত তেল লাগানো মানে অনেক সময় ‘তেলা মাথায় তেল’ দেওয়ার সামিল। এতে চুল ঘন হয় না, বরং বেশি তেল জমে থাকলে ধুলো-ময়লা আটকে গিয়ে উল্টে সমস্যা তৈরি হতে পারে।
অনেক অভিভাবকের আশঙ্কা, তেল না মাখালে শিশুর মাথার ত্বক শুষ্ক হয়ে যাবে। চিকিৎসকদের মতে, সাধারণত সুস্থ শিশুর ক্ষেত্রে আলাদা করে প্রতিদিন তেল দেওয়ার প্রয়োজন হয় না। তবে কেউ যদি তেল ব্যবহার করতেই চান, তা হলে সপ্তাহে এক বা দুই দিনের বেশি না করাই ভাল।
তেল বাছাইয়ের ক্ষেত্রেও সতর্কতা জরুরি। কৃত্রিম সুগন্ধি বা রাসায়নিক মেশানো তেল এড়িয়ে চলাই উচিত। প্রয়োজনে কোল্ড-প্রেসড ভার্জিন নারকেল তেল ব্যবহার করা যেতে পারে। সেটিও দীর্ঘ সময় মাথায় রেখে দেওয়ার প্রয়োজন নেই। যে দিন শ্যাম্পু করা হবে, তার কিছু ক্ষণ আগে হালকা করে তেল লাগানোই যথেষ্ট।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, শিশুর মাথার ত্বক পরিষ্কার রাখা। অতিরিক্ত তেল জমে থাকলে স্ক্যাল্পে র্যাশ, খুশকি বা অন্য সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। তাই নিয়মিত পরিষ্কার ও সঠিক যত্নই বেশি জরুরি।
সার কথা, তেলমালিশ ক্ষতিকর নয়, তবে ঘন চুলের নিশ্চয়তা দেয় না। শিশুর চুল কেমন হবে, তা অনেকটাই নির্ধারিত হয় জন্মগত কারণে। অতএব, অকারণে প্রতিদিন তেলমালিশ (Oil Massage) করে পরিশ্রম না করে, সংযমী ও সচেতন যত্নই হতে পারে সঠিক পথ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
