Mrunal Thakur: সম্বন্ধে আপত্তি নেই, তবে মিল চাই মন-মানসিকতার— বিয়ে নিয়ে স্পষ্ট মৃণাল

পেজ 3

নিউজ পোল ব্যুরো: বিয়ে নিয়ে প্রশ্ন যেন পিছু ছাড়ছে না মৃণাল ঠাকুর-এর (Mrunal Thakur)। সম্প্রতি দক্ষিণী তারকা ধনুষ-এর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। এমনকি বিয়ের খবর নিয়েও জল্পনা শুরু হয়। এই আবহেই বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী নিজেই।

আরও পড়ুন:Kunal Ghosh: ‘চাকরিখেকো’ সিপিএম আইনজীবী! বামনেত্রীর চিঠির বিস্ফোরক তথ্য ফাঁস করলেন কুণাল

এই মুহূর্তে নতুন ছবি ‘দো দিওয়ানে শেহের মে’-এর প্রচারে ব্যস্ত মৃণাল। প্রচারের ফাঁকেই ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। অভিনেত্রী জানিয়েছেন, বিয়ের প্রসঙ্গটি এখন তাঁদের বাড়িতে প্রায় নিত্যদিনের আলোচনার বিষয়। তাঁর কথায়, পরিবার থেকে নিয়মিতই তাঁকে থিতু হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

মৃণাল (Mrunal Thakur) হাসতে হাসতেই এক মজার ঘটনার কথা শোনান। সম্প্রতি তাঁর বাবা নাকি বলেছিলেন, “এ বার তোমার বিয়ে করে নেওয়া উচিত।” উত্তরে মৃণাল মজা করে বাবাকে বলেন, তাঁর জন্য যেন ভাল পাত্র খোঁজা শুরু করা হয়। তখন বাবার পাল্টা প্রশ্ন— “পাত্র কোথায়?” অভিনেত্রীও মজা করেই বলেন, “হ্যাঁ, পাত্র কোথায়?” তাঁর মতে, এই সমস্যাটা এখন অনেক বাড়িতেই সাধারণ।

তবে সম্বন্ধ করে বিয়ে নিয়ে তাঁর কোনও আপত্তি নেই বলেই জানিয়েছেন মৃণাল। তিনি স্পষ্ট বলেন, সম্বন্ধ করে বিয়ে করতে তিনি ভয় পান না। বরং বিষয়টি তিনি বাস্তববাদী দৃষ্টিভঙ্গি থেকেই দেখেন। আগে পরিবারের মাধ্যমেই পাত্র-পাত্রীর পরিচয় হত। এখন বন্ধু-বান্ধব বা পরিচিতদের মাধ্যমেও সম্পর্ক গড়ে ওঠে। সেটিও তো এক ধরনের ‘সম্বন্ধ’ বলেই মনে করেন তিনি।

অভিনেত্রীর মতে, শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ হল দু’জন মানুষের মধ্যে বোঝাপড়া ও সংযোগ তৈরি হওয়া। শুধু বিয়ে করার জন্য বিয়ে— এই ধারণায় তিনি বিশ্বাসী নন। সম্পর্কের ভিত মজবুত না হলে কোনও আয়োজনই অর্থবহ হয় না। পাশাপাশি তিনি মনে করেন, বিয়ের ক্ষেত্রে দুই পরিবারের মিলও সমান গুরুত্বপূর্ণ। পরিবারগুলির সম্মতি ও সমর্থন থাকলে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া সহজ হয়।

ধনুষের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে সরাসরি কিছু না বললেও, মৃণালের বক্তব্যে স্পষ্ট— এই মুহূর্তে তিনি নিজের কাজ নিয়েই বেশি মনোযোগী। ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত তিনি সময় নিয়ে, সঠিক মানুষকে খুঁজে নিয়েই নিতে চান।

তাই আপাতত বিয়ের গুঞ্জন থাকলেও, চূড়ান্ত সিদ্ধান্তের আগে তিনি দেখতে চান, সত্যিই কি সেই ‘ঠিক মানুষ’-এর সঙ্গে তাঁর পথ মেলে। তার আগে পর্যন্ত বিয়ের চাপকে তিনি হালকাভাবেই নিচ্ছেন— খানিকটা হাসিতে, খানিকটা বাস্তববোধে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole