Prawn Bhapa: চোখের পলকে তৈরি চিংড়ি ভাপা: পুজোর ভুরিভোজে সহজ অথচ সুস্বাদু পদ

লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: বাঙালির রান্নাঘরে চিংড়ির কদর চিরকালীন। ইলিশ না চিংড়ি—স্বাদের লড়াই যেমন চিরন্তন, তেমনই উৎসবের মরশুমে চিংড়ি ভাপা একেবারে প্রথম সারির পদ। স্বাদে অনবদ্য, রান্নায় সহজ এবং সময়ও লাগে কম—সব মিলিয়ে পুজো বা যে কোনও বিশেষ দিনে অতিথি আপ্যায়নে চিংড়ি ভাপা (Prawn Bhapa) হতে পারে আপনার সেরা পছন্দ। অল্প উপকরণে, অল্প সময়ে কী ভাবে তৈরি করবেন এই লোভনীয় পদ, তা জেনে নিন সহজ ভাষায়।

আরও পড়ুন: International Mother Language Day: বিশ্বভারতীতে যথাযোগ্য মর্যাদায় পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

উপকরণ (৩ জনের জন্য)
বড় সাইজের বাগদা চিংড়ি ৬টি,সরষের তেল ৬–৮ চা-চামচ,টক দই ৬–৮ চা-চামচ,কালো সরষে আধ চা-চামচ,পোস্ত ১ চা-চামচ,নারকেল কোরানো ৩ চা-চামচ,হলুদ গুঁড়ো ১ চা-চামচ,লঙ্কা গুঁড়ো ১ চা-চামচ,কাঁচা লঙ্কা ৪–৫টি,নুন স্বাদমতো।
প্রণালী
প্রথমে চিংড়ির মাথা ও লেজের শক্ত অংশ কেটে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিন। একটি পাত্রে নিয়ে তাতে হলুদ গুঁড়ো ও নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। এতে কাঁচা গন্ধ কেটে যাবে এবং স্বাদও বাড়বে।
এবার কালো সরষে, পোস্ত ও নারকেল একসঙ্গে বেটে নিন। মিক্সি ব্যবহার করতে পারেন, তবে শিলনোড়ায় বাটলে স্বাদ আরও ভালো হয়। এই বাটা মিশ্রণের সঙ্গে টক দই, সামান্য নুন, হলুদ ও লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিন। সব উপকরণ ভালো করে মিশে গেলে তাতে মাখানো চিংড়িগুলি দিয়ে দিন।
এর পর উপরে কাঁচা সরষের তেল ছড়িয়ে দিন। কাঁচা সরষের তেলের ঝাঁঝই এই পদের আসল আকর্ষণ। সবকিছু হাত দিয়ে আলতো করে মিশিয়ে নিন, যাতে প্রতিটি চিংড়ির গায়ে মশলা ভালোভাবে লেগে যায়। উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিন।
এবার পুরো মিশ্রণটি একটি স্টিলের টিফিন কৌটা বা ঢাকনাওয়ালা পাত্রে ভরে ভালো করে বন্ধ করুন। একটি কড়াইয়ে জল গরম করে তার মধ্যে এই বন্ধ পাত্রটি বসিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে প্রায় ১৫–২০ মিনিট ভাপতে দিন। খেয়াল রাখবেন, পাত্রের ভেতরে যেন জল না ঢোকে।
নির্দিষ্ট সময় পরে পাত্রটি তুলে কয়েক মিনিট ঠান্ডা হতে দিন। ঢাকনা খুললেই ভেসে আসবে সরষে-নারকেলের মন মাতানো গন্ধ। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন নরম, রসাল চিংড়ি ভাপা (Prawn Bhapa)।
সহজ পদ্ধতিতে তৈরি এই ঐতিহ্যবাহী পদ উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে। স্বাদে ও সুগন্ধে ভরপুর চিংড়ি ভাপা একবার বানালে বারবারই বানাতে ইচ্ছে করবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole