নিউজ পোল ব্যুরো: রাজ্যপালের পদ থেকে আগেই ইস্তফা দিয়েছেন তিনি, তবে এখনও কলকাতাতেই (Kolkata) রয়েছেন। আগামী বুধবার শহর ছাড়ার আগে প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা জানান, বোসকে তিনি বলেছেন যে কেন্দ্রীয় সরকার তাঁর সঙ্গে অন্যায় আচরণ করেছে।
রাজ্যপালের পদত্যাগের পর থেকেই মমতা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছিলেন। তাঁর দাবি ছিল, কোনওরকম আলোচনা বা পরামর্শ না করেই আর এন রবিকে নতুন রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে। এই সিদ্ধান্তের জন্য তিনি সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) নেতৃত্বাধীন স্বরাষ্ট্রমন্ত্রককে দায়ী করেন। একই সঙ্গে তাঁর অভিযোগ ছিল, ভোটের আগে পরিকল্পিতভাবে রাজ্যপাল পরিবর্তন করা হয়েছে।
আরও পড়ুন: Abhishek Banerjee: অভিষেকের বিশেষ অনুরোধ! অবশেষে ধরনা তুলে নিলেন মমতা, নবান্নে ফেরার আগে বড় বার্তা
তবে রাজনৈতিক চাপ বা অন্য কোনও কারণে পদত্যাগ করেছেন কি না, সে বিষয়ে সরাসরি কিছু বলতে চাননি বোস। তাঁর বক্তব্য ছিল, “যেখানে আগমন আছে, সেখানে প্রস্থানও অনিবার্য। রাজ্যপাল হিসেবে প্রায় ১২০০ দিন দায়িত্ব পালন করেছি। ক্রিকেটের ভাষায় বলতে গেলে যেন ১২টি সেঞ্চুরি করেছি। আমার মনে হয়েছে, এবার থামার সময় এসেছে।”
এই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার বোসের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বৈঠক শেষে মমতা বলেন, “উনি যেহেতু কাল শহর ছেড়ে চলে যাচ্ছেন, তাই দেখা করতে এসেছিলাম। দীর্ঘদিন আমরা একসঙ্গে কাজ করেছি, আমাদের মধ্যে ভালো সম্পর্কও ছিল। আমি তাঁর পরিবারকেও চিনি। বাংলার সৌজন্য রক্ষার্থে তাঁর সুস্বাস্থ্য কামনা করেছি। আমার মনে হয় তাঁর সঙ্গে অন্যায় করা হয়েছে। এখনও প্রায় দেড় বছর মেয়াদ বাকি থাকতেই নির্বাচনের আগে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করি। আমি তাঁকে অনুরোধ করেছি, তিনি যেহেতু বাংলাকে ভালোবাসেন, তাই ভবিষ্যতেও যেন এই রাজ্যে আসেন।”
রাষ্ট্রপতিকে রিসিভ করা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সে প্রসঙ্গেও এদিন মন্তব্য করেন মমতা। তিনি বলেন, “সেদিন রাজ্যপাল যেতে পারেননি, কারণ তার আগেই তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই দিনই তাঁর বাগডোগরা যাওয়ার পরিকল্পনা ছিল। চাইলে তিনি রাজ্যপাল হিসেবেই রাজভবনে থাকতে পারতেন, কিন্তু তা না করে সৌজন্যের খাতিরে সেখান থেকে বেরিয়ে যান। আমার মনে হয় তাঁর সঙ্গে যথেষ্ট অবিচার করা হয়েছে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
