নিউজ পোল ব্যুরো: এক সময় বলিউডের অন্যতম আলোচিত জুটি ছিলেন রনবীর কাপুর (Ranbir Kapoor) ও ক্যাটরিনা কাইফ। তাঁদের প্রেম, বিচ্ছেদ এবং পরবর্তী সম্পর্ক—সব কিছুই বহু দিন ধরে আলোচনার কেন্দ্রে ছিল। বহু বছর পর আবারও কি একই ছবিতে দেখা যাবে এই দুই তারকাকে? বলিউডে জোর গুঞ্জন, পরিচালক প্রকাশ ঝা তাঁর জনপ্রিয় রাজনৈতিক ছবি রাজনীতির সিক্যুয়েল তৈরির কথা ভাবছেন। আর সেই ছবিতে হয়তো একসঙ্গে অভিনয় করতে পারেন রণবীর ও ক্যাটরিনা।
আরও পড়ুন:Narendra Modi: রান্নার গ্যাস নেই বাংলার ঘরে, মোদির মুখে কুলুপ! সিলিন্ডার ভরা বিজেপি ক্যাম্পে
২০০৮-২০০৯ সালের দিকে আজব প্রেম কি গজব কাহানি ছবির শুটিংয়ের সময় থেকেই রণবীর (Ranbir Kapoor) ও ক্যাটরিনার মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। সেই সময় রণবীর সম্পর্কে ছিলেন দীপিকা পাডুকোন এর সঙ্গে, আর ক্যাটরিনার নাম জড়িয়েছিল সলমন খানের সঙ্গে। তবে ধীরে ধীরে রণবীর ও ক্যাটরিনার সম্পর্ক আরও গভীর হয় এবং তাঁদের প্রেম বলিউডে বহুল আলোচিত হয়ে ওঠে।
শোনা যায়, প্রায় সাত বছর ধরে সম্পর্কে ছিলেন তাঁরা। সেই সময় একসঙ্গে থাকাও শুরু করেছিলেন এই জুটি। এমনকি তাঁদের বিয়ের কথাও আলোচনায় এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্ক টেকেনি। ২০১৬ সালের দিকে তাঁদের বিচ্ছেদ হয় এবং তা নাকি বেশ তিক্ততার সঙ্গেই শেষ হয়েছিল।
বিচ্ছেদের পরও পেশাগত কারণে একসঙ্গে কাজ করতে হয়েছিল তাঁদের। পরিচালক অনুরাগ বসুর ছবি জগ্গা জাসুসের শুটিং সেই সময় শেষ করেন রণবীর ও ক্যাটরিনা। ছবির প্রচারের সময় তাঁদের মধ্যে প্রকাশ্যেই মতবিরোধ ও কথা কাটাকাটির ঘটনাও নজরে আসে।
এর আগে প্রকাশ ঝার রাজনৈতিক নাটক Raajneeti ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন এই দুই তারকা। ছবিটি মুক্তির সময় দর্শকদের কাছ থেকে ভাল সাড়া পেয়েছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক প্রকাশ ঝা জানিয়েছেন, ‘রাজনীতি’-র দ্বিতীয় পর্ব তৈরি করার পরিকল্পনা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। তবে ছবিতে কারা অভিনয় করবেন, সে বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে রণবীর ও ক্যাটরিনাকে আবার একসঙ্গে দেখা যাবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
এদিকে ব্যক্তিগত জীবনে দু’জনেই এখন অনেক দূর এগিয়ে গিয়েছেন। রণবীর বর্তমানে বিবাহিত আলিয়া ভাটের সঙ্গে। অন্য দিকে ক্যাটরিনা বিয়ে করেছেন ভিকি কৌশলকে। বলিউডে শোনা যায়, রণবীর ও ভিকি বেশ ভাল বন্ধু। এমনকি তাঁরা একসঙ্গে একটি ছবিতেও কাজ করছেন। অন্য দিকে ক্যাটরিনা ও আলিয়ার মধ্যেও সুসম্পর্ক রয়েছে বলেই জানা যায়।
তাই অতীতের তিক্ততা ভুলে যদি ‘রাজনীতি ২’-এ আবার রণবীর ও ক্যাটরিনা একসঙ্গে অভিনয় করেন, তা হলে বলিউডের দর্শকদের কাছে সেটি নিঃসন্দেহে বড় চমক হয়ে উঠতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
