Arabul Islam: ফুরফুরা শরীফের পথে আরাবুল, নওশাদের হাত ধরে কি বড় চমক আসন্ন?

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: দল ছাড়ার ইঙ্গিত তিনি আগেই দিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের (TMC) প্রতি নিজের ক্ষোভ ও অভিমানের কথাও প্রকাশ্যে তুলে ধরেছিলেন। সেই থেকেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়তে থাকে। শেষ পর্যন্ত সেই জল্পনারই অবসান আরাবুল ইসলাম (Arabul Islam) বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আইএসএফে যোগ দিতে রওনা হলেন।

আরও পড়ুন: WB Election 2026: দুর্গম সান্দাকফুতে ভোটের চ্যালেঞ্জ! হাজার ফুট উচ্চতায় পৌঁছতে দু’দিন আগেই রওনা ভোটকর্মীদের

সকাল সাড়ে দশটা নাগাদ দক্ষিণ গাজীপুরে নিজের বাড়ি থেকে ফুরফুরা শরীফের উদ্দেশ্যে রওনা দেন তিনি। যাওয়ার পথেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুরনো দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন আরাবুল (Arabul Islam)। তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেস তাঁকে ন্যায্য সম্মান দেয়নি। তিনি বলেন, “অত্যন্ত অভিমান নিয়েই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। আইএসএফে যোগ দিলে ভাঙড় (Bhangar) ও ক্যানিং এলাকার রাজনীতিতে বড় পরিবর্তন আসবে। ধীরে ধীরে বহু কর্মীও আমার সঙ্গে নতুন দলে যোগ দেবেন।”

এর আগেও তিনি নিজের দীর্ঘ রাজনৈতিক যাত্রার কথা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি জানান, সিঙ্গুর আন্দোলনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে টানা ২৬ দিন ছিলেন তিনি। কঠিন পরিস্থিতিতে দল গড়ে তুললেও, শেষ পর্যন্ত সেই দলই তাঁকে মূল্যায়ন করেনি বলে তাঁর দাবি।

এদিকে, আরাবুলের (Arabul Islam) দলবদলের আবহেই ভাঙড়ের চালতাবেড়িয়া এলাকায় বুধবার রাতে বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে খবর। এই ঘটনার জন্য তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে আইএসএফ। বিশেষ করে স্থানীয় তৃণমূল নেতা অহিদুল মোল্লার নাম সামনে এসেছে, যিনি শওকত মোল্লার ঘনিষ্ঠ বলেই পরিচিত। উল্লেখযোগ্যভাবে, আসন্ন নির্বাচনে শওকত মোল্লাকে ক্যানিং পূর্ব থেকে সরিয়ে ভাঙড় কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল, যা নিয়েও দলের অন্দরে অসন্তোষের কথা শোনা যাচ্ছে।

রাজনৈতিক মহলের মতে, এই পরিস্থিতিতে আরাবুল ইসলাম যদি আইএসএফের প্রার্থী হিসেবে ভাঙড়ে লড়াই করেন, তাহলে সেখানে জোরদার প্রতিদ্বন্দ্বিতা তৈরি হতে পারে। একসময়ের তৃণমূলের প্রভাবশালী নেতা এবার প্রতিপক্ষ শিবিরে গিয়ে কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন, সেদিকেই নজর থাকবে সকলের।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole