Vande Bharat: ট্রেনের খাবারে অস্বাস্থ্যকর পোকা, আইআরসিটিসি-কে বিশাল অংকের জরিমানা রেলের

দেশ

নিউজ পোল ব্যুরো: বন্দে ভারতের (Vande Bharat) খাবারের গুণগত মান নিয়ে ফের প্রশ্নের মুখে রেল কর্তৃপক্ষ। একটি ভাইরাল ভিডিওকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে, যেখানে দেখা গিয়েছে ট্রেনের পরিবেশিত দইয়ের মধ্যে পোকা ঘুরে বেড়াচ্ছে। এই ঘটনার পরই কড়া পদক্ষেপ নিয়েছে রেলমন্ত্রক এবং জরিমানা করা হয়েছে আইআরসিটিসি (IRCTC) কে।

ঘটনাটি ঘটে গত ১৫ মার্চ। রিতেশকুমার সিং নামে এক যাত্রী পাটনা থেকে টাটানগরগামী বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেস-এ যাত্রা করছিলেন। যাত্রাপথে তিনি খাবার অর্ডার করেন। কিন্তু খাবার হাতে পেয়েই হতভম্ব হয়ে যান তিনি। দইয়ের পাত্রে স্পষ্টভাবে পোকা নড়াচড়া করতে দেখা যায়। শুধু তাই নয়, তিনি সামগ্রিক খাবারের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুন:Income Tax : অর্থবর্ষ শেষের আগে তাড়াতাড়ি সেরে ফেলুন এই কাজগুলি, না হলে বাড়বে করের বোঝা

অভিযোগ পাওয়ার পর রেল কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখে। টর্চের আলো ফেলে পরীক্ষা করতেই দইয়ের মধ্যে পোকা থাকার বিষয়টি পরিষ্কার হয়ে যায়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তীব্র সমালোচনার ঝড় ওঠে।

পরিস্থিতি সামাল দিতে রেলমন্ত্রক কঠোর ব্যবস্থা নেয়। আইআরসিটিসিকে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং সংশ্লিষ্ট পরিষেবা প্রদানকারী সংস্থার উপর ৫০ লক্ষ টাকার জরিমানা ধার্য করা হয়েছে। পাশাপাশি ওই সংস্থার সঙ্গে চুক্তিও বাতিল করা হয়েছে। মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, যাত্রীদের নিরাপত্তা ও খাবারের মান বজায় রাখা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

উল্লেখযোগ্যভাবে, বন্দে ভারত (Vande Bharat) ট্রেনের খাবার নিয়ে বিতর্ক এই প্রথম নয়। এর আগেও একাধিকবার খাবারের মান নিয়ে অভিযোগ উঠেছে এবং ছবি-ভিডিও ভাইরাল হয়েছে। প্রতিবারই যাত্রীদের তরফে কঠোর পদক্ষেপের দাবি উঠেছে। অভিযোগ প্রকাশ্যে আসার পর রেলওয়ের ‘রেলওয়ে সেবা’ এক্স (পূর্বতন টুইটার)-এ ক্ষমাও চেয়েছিল।

এছাড়াও সম্প্রতি হাওড়া-গুয়াহাটি (কামাখ্যা) রুটের একটি ট্রেনে উদ্বোধনের পরেই নোংরা পরিবেশের ছবি সামনে আসে, যেখানে প্লাস্টিকের প্যাকেট ও ব্যবহৃত জিনিস ছড়িয়ে থাকতে দেখা যায়। সেই সময় যাত্রীদের সচেতনতা ও রেল কর্তৃপক্ষের নজরদারি দুই নিয়েই প্রশ্ন উঠেছিল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole