SIR List: অনুপ্রবেশকারী তকমার আতঙ্ক! দুর্গাপুরে যুবকের মৃত্যুকে ঘিরে উঠছে প্রশ্ন

রাজ্য

নিউজ পোল ব্যুরো: পশ্চিম বর্ধমানের কাঁকসায় ভোটার তালিকা নিয়ে আতঙ্কের জেরে এক যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, ভোটার তালিকায় নাম না ওঠায় ‘অনুপ্রবেশকারী’ তকমা জুটতে পারে-এই ভয়েই আত্মঘাতী হয়েছেন তিনি। ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার।

আরও পড়ুন: Mamata Banerjee:‘যারা যুবসাথীর টাকা পায়নি, চিন্তার কারণ নেই— ডেকে ডেকে সব ঠিক করা হবে’, ভরসা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়!

মৃত যুবকের নাম খেপা হাজরা (৩৫)। তিনি দিনমজুরের কাজ করতেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় তার নাম ছিল না। পরবর্তীতে এসআইআর প্রক্রিয়ার পর তার নাম বিচারাধীন তালিকায় রাখা হয়। শুনানিতে হাজিরা দেওয়ার পরেও সাপ্লিমেন্টারি তালিকায় তার নাম ওঠেনি। ফলে দীর্ঘদিন ধরে নাগরিকত্ব হারানোর আশঙ্কায় মানসিক চাপে ভুগছিলেন খেপা।  দীর্ঘ সময় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয় একটি মাঠের পাশ থেকে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি বিষ খেয়েছেন। দু’দিন চিকিৎসার পর সোমবার সকালে তার মৃত্যু হয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

মৃতের স্ত্রী বৃন্দা হাজরার অভিযোগ, ভোটার তালিকায় নাম না ওঠার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন তাঁর স্বামী। ঠিকমতো খাওয়া-দাওয়া করতেন না, কারও সঙ্গে কথাও বলতেন না। শেষ পর্যন্ত সেই ভয়ই তাকে আত্মহত্যার পথে ঠেলে দেয় বলে দাবি পরিবারের। এই ঘটনার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার। তাঁর অভিযোগ, অনুপ্রবেশকারী নিয়ে বারবার কথা বলে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। যদিও জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, বৈধ ভোটারদের নাম তালিকায় অবশ্যই অন্তর্ভুক্ত করা হবে এবং মানুষকে আতঙ্কিত না হওয়ার আবেদন জানিয়েছেন তিনি।