নিউজ পোল ব্যুরো: বলিউডের অভিজ্ঞ অভিনেতাদের মধ্যে অন্যতম অনুপম খের (Anupam Kher)। দীর্ঘ কয়েক দশকের কেরিয়ারে অসংখ্য ছবিতে অভিনয় করে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি। কিন্তু এত সাফল্য ও প্রতিষ্ঠা সত্ত্বেও একটি বিষয় অনেককে অবাক করে— আজও নিজের কোনও স্থায়ী বাড়ি নেই তাঁর। ভাড়ার বাড়িতেই থাকেন তিনি। কেন এমন সিদ্ধান্ত? সেই কারণই সম্প্রতি প্রকাশ্যে এনেছেন অভিনেতা।
আরও পড়ুন:Alia Bhatt: পাকিস্তানে এআই-তে ‘আলিয়া’! অনুমতি ছাড়াই ব্যবহার আইনি লড়াইয়ের পথে কি নায়িকা?
অনুপম (Anupam Kher) জানান, একসময় তিনি নিজের একটি বাড়ি কিনেছিলেন। তবে পরে সেই বাড়িটি বিক্রি করে দেন আলিয়া ভট্ট-র কাছে। প্রায় দশ বছর আগে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। বাড়ি বিক্রি করার পর স্ত্রী কিরণ খের-কে নিয়ে অন্যত্র ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন।
এই সিদ্ধান্তের পিছনে রয়েছে তাঁর জীবনের দর্শন। অনুপমের কথায়, তিনি ধীরে ধীরে উপলব্ধি করেছেন যে, জীবনে বস্তুগত সম্পদের চেয়ে মানসিক বিকাশ অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাঁর মতে, মানুষের থাকার জন্য একটি জায়গা প্রয়োজন— সেটি নিজের হোক বা ভাড়ার, তাতে খুব বেশি পার্থক্য নেই।
তবে নিজের জন্য বাড়ি না রাখলেও মায়ের ইচ্ছা পূরণ করতে কখনও পিছপা হননি তিনি। অনুপম জানান, তাঁর মা দীর্ঘ প্রায় ৬০ বছর ভাড়া বাড়িতে কাটিয়েছেন। তাই জীবনের শেষ পর্যায়ে তাঁর ইচ্ছা ছিল নিজের একটি বাড়ি থাকার। প্রথমে মা একটি ছোট, এক কামরার বাড়ি চেয়েছিলেন। কিন্তু ছেলের পক্ষ থেকে তাঁকে উপহার দেওয়া হয় একটি আট কামরার বড় বাড়ি, সিমলায়।
এই প্রসঙ্গে অনুপম বলেন, “মায়ের ইচ্ছা পূরণ করাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। তিনি এত বছর ভাড়া বাড়িতে থেকেছেন, তাই তাঁকে নিজের বাড়ি দিতে পেরে আমি খুশি।”
স্থাবর সম্পত্তি নিয়ে তাঁর ভাবনাও আলাদা। অনুপম মনে করেন, বাড়ি বা জমির মতো সম্পত্তি ভবিষ্যতে অনেক সময় জটিলতা তৈরি করে, বিশেষ করে উত্তরাধিকার সূত্রে ভাগাভাগির ক্ষেত্রে। তার তুলনায় অস্থাবর সম্পত্তি ভাগ করা সহজ। তাই তিনি ইচ্ছাকৃত ভাবেই নিজেকে এই ধরনের জটিলতা থেকে দূরে রেখেছেন।
অভিনেতার এই জীবনদর্শন অনেকের কাছেই অনুপ্রেরণার। যেখানে অধিকাংশ মানুষ জীবনের লক্ষ্য হিসেবে বাড়ি-গাড়ির মতো সম্পদ অর্জনকে গুরুত্ব দেন, সেখানে অনুপম খের বেছে নিয়েছেন একেবারেই ভিন্ন পথ। তাঁর মতে, জীবনের আসল মূল্য লুকিয়ে রয়েছে অভিজ্ঞতা, সম্পর্ক এবং মানসিক বিকাশে— বস্তুগত সম্পদে নয়। এই ভাবনাই তাঁকে আলাদা করে দেয় অন্যদের থেকে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
