নিউজ পোল ব্যুরো: স্ট্রংরুম সংক্রান্ত বিতর্ক নতুন মোড় নিল রাজ্যের রাজনৈতিক মহলে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির পর এবার নির্বাচন কমিশনের (Election Commission) কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস (TMC)। দলের অভিযোগ, নির্দিষ্ট অনুমতি ছাড়াই পোস্টাল ব্যালট সংক্রান্ত কাজ করা হয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে। তৃণমূলের (TMC) দাবি, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন এবং কমিশনের দ্রুত হস্তক্ষেপ জরুরি। যদিও এই অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
আরও পড়ুন: Bhoot Bangla: বক্সঅফিসে ঝড় তুলছে ভূত বাংলা, তবু পারিশ্রমিক কমালেন অক্ষয় কুমার! নেপথ্যে কী কৌশল?
বৃহস্পতিবার বিকেল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় ইভিএম এবং স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। কসবার একটি স্ট্রংরুমে সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকার অভিযোগ তোলে তৃণমূল। একই সঙ্গে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পোস্টাল ব্যালট ও ভোট সংক্রান্ত কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। পরিস্থিতি যাচাই করতে সেখানে পৌঁছন শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাঁজা এবং বেলেঘাটার তৃণমূল প্রার্থী। পরে বিজেপির পক্ষ থেকেও কয়েকজন প্রার্থী ঘটনাস্থলে যান। দুই রাজনৈতিক শিবিরের উপস্থিতিতে উত্তেজনা বাড়ে এবং স্লোগানকে কেন্দ্র করে পরিবেশ কিছু সময়ের জন্য অশান্ত হয়ে ওঠে।
তৃণমূলের (TMC) অভিযোগ, রাজনৈতিক দলগুলিকে না জানিয়ে স্ট্রংরুমে কাজ করা হয়েছে। তাদের মতে, পোস্টাল ব্যালট সংক্রান্ত কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে হওয়া উচিত ছিল। অন্যদিকে বিজেপির দাবি, তৃণমূল ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছে। কিছু সময় পর কমিশনের প্রতিনিধিরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দুই পক্ষকেই আশ্বস্ত করেন।
পরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, ওই কেন্দ্রে পোস্টাল ব্যালট বাছাইয়ের কাজ আগেই নির্ধারিত ছিল। সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলিকেও বিষয়টি জানানো হয়েছিল এবং প্রতিনিধিদের উপস্থিত থাকার সুযোগ দেওয়া হয়েছিল। কমিশনের মতে, পুরো প্রক্রিয়াই নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে। তবুও এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক থামেনি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
