Election Commission: ভোট পরবর্তী হিংসায় ‘জিরো টলারেন্স’, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি কমিশনার জ্ঞানেশ কুমারের

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভোটের সূচি ঘোষণার সময় থেকেই জানানো হয়েছিল, নির্বাচন শেষ হলেও বাংলায় কেন্দ্রীয় বাহিনীর (Central Forces) মোতায়েন অব্যাহত থাকবে। মূল লক্ষ্য—ভোট-পরবর্তী অশান্তি প্রতিরোধ। এবার সেই অবস্থান আরও স্পষ্ট করে কঠোর বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার (Election Commission) জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। তিনি জানিয়ে দিয়েছেন, ভোটের ফল ঘোষণার পর যে কোনও ধরনের হিংসা, ভাঙচুর বা উস্কানিমূলক কার্যকলাপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং দোষীদের কোনওভাবেই রেয়াত করা হবে না।

সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিচ্ছিন্নভাবে ভাঙচুর ও উত্তেজনার খবর সামনে এসেছে। এই পরিস্থিতিতে জ্ঞানেশ কুমার রাজ্যের প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করে আইনশৃঙ্খলা রক্ষায় আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন। মুখ্যসচিব, ডিজিপি, কলকাতা পুলিশ কমিশনার, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদেরও কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Narendra Modi : বাংলায় পালাবদল! বিপুল জয়ে সরকার গড়ার পথে বিজেপি, কৃতজ্ঞতা জানালেন মোদী-শাহ

কমিশনের (Election Commission) তরফে জানানো হয়েছে, সংবেদনশীল এলাকায় নিয়মিত টহলদারি বাড়াতে হবে এবং কোথাও কোনও উত্তেজনা ছড়ালে দ্রুত ব্যবস্থা নিতে হবে। বিশেষভাবে বলা হয়েছে, যারা হিংসায় উস্কানি দিচ্ছে বা সরাসরি জড়িত, তাদের অবিলম্বে শনাক্ত করে গ্রেফতার করতে হবে। কোনওভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া যাবে না।

এদিকে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও (Samik Bhattacharya) দলীয় কর্মীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, জয় উদযাপনের নামে কোনওরকম হিংসা বা দখলদারি মেনে নেওয়া হবে না। কেউ যদি এমন কাজে যুক্ত থাকে, তাহলে তার বিরুদ্ধে দলগত স্তরেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole