নিউজ পোল ব্যুরো: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথ খুনের তদন্তভার আনুষ্ঠানিকভাবে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হল। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘটনায় একাধিক রাজ্যের যোগসূত্র সামনে আসায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের জন্য ডিআইজি পদমর্যাদার আধিকারিক পঙ্কজ কুমার সিংয়ের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (CBI) গঠন করা হয়েছে।
আরও পড়ুন:Sujit Bose: ইডির হাতে গ্রেফতার সুজিত বসু! নিয়োগ দুর্নীতির তদন্তে এবার শ্রীঘরে মন্ত্রী
সিবিআই (CBI) সূত্রে জানা গিয়েছে, দিল্লি, পটনা, রাঁচি, ধানবাদ এবং লখনউ থেকে অভিজ্ঞ মোট সাতজন অফিসারকে নিয়ে এই সিট তৈরি করা হয়েছে। কলকাতা জোনের জয়েন্ট ডিরেক্টর গোটা তদন্তের ওপর নজর রাখবেন। প্রয়োজনে আরও আধিকারিক এই দলে যুক্ত হতে পারেন। মধ্যমগ্রাম থানার পুলিশ ও সিআইডির হাতে থাকা সমস্ত নথি দ্রুত সিবিআইয়ের (CBI) কাছে হস্তান্তর করা হবে।
এর আগে উত্তরপ্রদেশ থেকে তিনজন শার্প শুটারকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, এই খুনে অন্তত আট থেকে নয়জন জড়িত ছিল। ব্যবহার করা হয়েছিল দুটি মোটরবাইক ও একটি গাড়ি। দুটি আগ্নেয়াস্ত্রের মধ্যে একটি বন্দুকের মূল্যই প্রায় ১০ লক্ষ টাকা বলে অনুমান। রেইকি, ভাড়াটে শুটার এবং অস্ত্রসহ গোটা পরিকল্পনায় খরচ হয়েছে এক কোটিরও বেশি টাকা।
উল্লেখ্য, ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দু’দিন পর, ৬ মে মধ্যমগ্রামের রাস্তায় খুব কাছ থেকে পরপর চার রাউন্ড গুলি করে চন্দ্রনাথ রথকে হত্যা করা হয়। তাঁর বুকে, হাতে এবং পেটে গুলি লাগে। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
