নিউজপোল ব্যুরো: পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ফের আরও এক তৃণমূল নেতার গ্রেপ্তারিকে ঘিরে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি এলাকার পরিচিত তৃণমূল নেতা শামসুল ইসলামের গ্রেপ্তারের পর এবার পুলিশের হাতে ধরা পড়লেন কালীচরণপুর এলাকার তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আব্দুল আলিম আলরাজীর বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি তদন্তকারী সংস্থার নজরে ছিলেন বলে দাবি পুলিশের। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এই গ্রেপ্তারির পর এলাকায় উত্তাপ আরও বেড়েছে। নন্দীগ্রাম দীর্ঘদিন ধরেই রাজ্যের রাজনৈতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। ফলে এখানকার যে কোনও রাজনৈতিক ঘটনা দ্রুতই রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রে চলে আসে। সাম্প্রতিক এই গ্রেপ্তারিও তার ব্যতিক্রম নয়।পুলিশ জানিয়েছে, ধৃত নেতাকে আদালতে পেশ করা হবে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে তদন্তকারী সংস্থা।
একের পর এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঘটনায় নন্দীগ্রামের রাজনৈতিক সমীকরণে নতুন প্রভাব পড়তে পারে । এখন নজর আদালতের পরবর্তী নির্দেশ এবং তদন্ত কোনদিকে পৌঁছায় সেদিকেই সবার নজর ।
