নিউজপোল ব্যুরো: শনিবার সকাল হতেই তৃণমূল নেতা মদন মিত্রকে ঘিরে বড়সড় তৎপরতা শুরু করল ইডি। একসঙ্গে তাঁর একাধিক ঠিকানায় পৌঁছে যায় ED আধিকারিকরা। ভবানীপুরের বাসভবন থেকে শুরু করে জোকার পুরোনো ফ্ল্যাট এবং দক্ষিণেশ্বরের বাড়িতেও চলে তল্লাশি অভিযান। ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই রাজনৈতিক মহলে ও স্থানীয় এলাকায়শুরু হয়েছে জোর চর্চা।
সূত্রের খবর, পৌর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের অংশ হিসেবেই এই অভিযান চালানো হচ্ছে। ইডি আধিকারিকরা বিভিন্ন নথি ও তথ্য খতিয়ে দেখছেন। দীর্ঘ সময় ধরে বাড়ির ভিতরে তল্লাশি চালানো হয় বলে জানা গিয়েছে। তদন্তকারী সংস্থার নজরে আসে জোকার একটি পুরনো ফ্ল্যাটও। প্রায় অনেক দিন ধরে সেখানে মদন মিত্র বসবাস করতেন বলে জানা যায়। সেই সূত্র ধরেই ওই জায়গাতেও পৌঁছন ইডির আধিকারিকরা।
এছাড়াও দক্ষিণেশ্বরের বাড়িতেও অভিযান চালানো হয়েছে। সূত্রের দাবি, সেখানে কিছু গুরুত্বপূর্ণ নথি ও নগদ অর্থ উদ্ধার হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। শুধু বাড়িই নয়, যদুবাবুর বাজারে অবস্থিত মদন মিত্রের দলীয় কার্যালয়েও পৌঁছে যান তদন্তকারীরা। সেখানেও বিভিন্ন নথি পরীক্ষা করা হয়েছে বলে খবর।
বিরোধীদের দাবি, দুর্নীতির অভিযোগের তদন্ত দ্রুত শেষ হওয়া উচিত। অন্যদিকে তৃণমূল নেতা মদন মিত্রের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। রাজ্যের রাজনীতিতে একের পর এক তদন্তের আবহের মধ্যে মদন মিত্রকে ঘিরে এই ইডি অভিযান নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। তল্লাশি থেকে ঠিক কী তথ্য উঠে আসে এবং তদন্ত কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
