নিউজপোল ব্যুরো: রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর এবার বড় ধাক্কা দমদম পুরসভায়। একদিনের মধ্যেই চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান— দুই শীর্ষ পদাধিকারীর পদত্যাগে তোলপাড় শুরু হয়েছে পুর প্রশাসনের অন্দরে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলেও।
সোমবার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন হরেন্দর সিং। তার পদত্যাগের পর তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে পুরসভার ভিতরে থেকে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছিল না তাই তারা আমন সিধান্ত নেন। প্রশাসনিক নানা সমস্যার কারণে নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছিল বলেও দাবি করেন তিনি। সেই কারণেই চেয়ারম্যান পদে থাকা অর্থহীন হয়ে পড়েছিল বলে তাঁর বক্তব্য।
শুধু চেয়ারম্যান নন, একই দিনে পদত্যাগ করেন ভাইস চেয়ারম্যান বরুণ নট্টও। দমদম পুরসভার মোট ওয়ার্ড সংখ্যা ২২। ২০২২ সালের পুরসভা নির্বাচনে সবকটি আসনেই জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই একাধিক পুরসভায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলরদের পদত্যাগের ঘটনা সামনে আসছে। এবার সেই তালিকায় যুক্ত হল দমদম পুরসভাও।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই পদত্যাগ শুধুমাত্র তাদের সিদ্ধান্ত নয়, এর পিছনে বৃহত্তর রাজনৈতিক সমীকরণও থাকতে পারে। যদিও এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।দমদমের নাগরিকদের এখন একটাই প্রশ্ন— পুরসভার শীর্ষ নেতৃত্বে এই আকস্মিক শূন্যতা কবে পূরণ হবে এবং নাগরিক পরিষেবা কত দ্রুত স্বাভাবিক হবে? আপাতত সেই উত্তরই খুঁজছে দমদম।
