নিউজপোল ব্যুরো: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চলা “ডিজে” মন্তব্যের সেই মামলার তদন্তে সিআইডি দফতরে হাজিরা দিলেন তৃণমূলের সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত। ভবানীভবনে তাঁকে প্রায় দু’ঘণ্টা ধরে জিজ্ঞাসা করা হয়েছে বলে জানা গেছে। তদন্তকারী সূত্রের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথিত “ডিজে” মন্তব্য সংক্রান্ত মামলার তদন্তে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে ঋজু দত্তকে ডাকা হয়েছিল। তদন্তের অংশ হিসেবেই তাঁর বক্তব্য রেকর্ড করা হয়েছে।
এই মামলার শুরু হয় লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর। ৪ মে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেন ঋজু দত্ত। সেই ভিডিওতে তিনি অভিযোগ করেন, ভোটের ফল ঘোষণার পর বিজেপি কর্মীদের টার্গেট করার জন্য তৃণমূলের পক্ষ থেকে নাকি বিভিন্ন এলাকায় নামের তালিকা তৈরি করা হয়েছিল। ঋজু দত্তের এই অভিযোগ প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক তৈরি হয়। বিরোধীরা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। এরপর বিষয়টি তদন্তের আওতায় আসে এবং এখন সিআইডি বিভিন্ন দিক খতিয়ে দেখছে।
আগামী দিনে এই মামলায় নতুন কোনও তথ্য সামনে আসে কি না এবং তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই এখন নজর রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।
