Dilip Ghosh:’অত মাথা ঘামানোর দরকার নেই’, ক্ষুব্ধ কর্মীদের বার্তা দিলীপের!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:“অত মাথা ঘামানোর দরকার নেই। রাজ্যসভার মতো বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বই সব বুঝে সিদ্ধান্ত নেয়।” তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তিন প্রাক্তন সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইককে রাজ্যসভার প্রার্থী করা নিয়ে দলের অন্দরে তৈরি হওয়া বিতর্কের মাঝেই কার্যত ক্ষুব্ধ কর্মীদের উদ্দেশে এই বার্তাই দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

আরও পড়ুন:Digestion Tips: ভরপেট খাবার খেয়ে এই কাজগুলি করছেন? নিজের অজান্তেই হজমের সমস্যা ডেকে আনছেন

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “ওঁরা আগে রাজ্যসভার সাংসদ ছিলেন, আবারও সাংসদ হিসেবে দেশের জন্য কাজ করতে চান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। সবচেয়ে বড় কথা, তাঁদের বিরুদ্ধে কোনও ফৌজদারি বা অপরাধমূলক মামলা নেই। অতীতে কে কোন দলে ছিলেন, সেই পুরনো কাসুন্দি ঘেঁটে এখন আর লাভ নেই। এখন আমরা তাঁদের নতুন করে কাজের সুযোগ দিচ্ছি।”

একইসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) স্পষ্ট করে দেন, রাজ্যসভায় দক্ষ ও অভিজ্ঞ মুখের প্রয়োজন রয়েছে। তাই এই সিদ্ধান্ত নিয়ে দলের কর্মীদের অযথা উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তাঁর কথায়, “যাঁরা এটা নিয়ে বেশি মাথা ঘামাচ্ছেন, তাঁদের অত ভাবনার দরকার নেই। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বই যথাযথভাবে দেখছে।”

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যসভার প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের নাম। শমীক ভট্টাচার্যের হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দিল্লি থেকে তাঁদের প্রার্থীপদে সিলমোহর পড়ায় রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়। বিজেপির একাংশের পুরনো কর্মীদের মধ্যেও এই সিদ্ধান্ত ঘিরে অসন্তোষের সুর শোনা যায়। কারণ, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য অতীতে বারবার দাবি করেছিলেন, তিনি কোনওভাবেই বিজেপির ‘তৃণমূলীকরণ’ হতে দেবেন না।

উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়ে প্রথম রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন সুখেন্দুশেখর রায়। পরে তাঁর পথ অনুসরণ করে পদত্যাগ করেন সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক। গত বৃহস্পতিবার সল্টলেকে বিজেপির রাজ্য সদর দফতরে আনুষ্ঠানিকভাবে পদ্মশিবিরে যোগ দেন তাঁরা। সেদিন রাতেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাঁদের আসন্ন রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole

আগামী ২৪ জুলাই রাজ্যসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। বিধানসভার বর্তমান সংখ্যার সমীকরণ অনুযায়ী, সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের জয় প্রায় নিশ্চিত বলেই রাজনৈতিক মহলের ধারণা। ফলে সংসদের উচ্চকক্ষে ফের দেখা যাবে এই তিন অভিজ্ঞ মুখকে, তবে এবার বিজেপির প্রতিনিধিত্ব করেই।