নিউজ পোল ব্যুরো:পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর রাজ্যে শিল্পায়নের নতুন সূচনার বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রবিবার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে ভার্চুয়ালি হাওড়ার সাঁকরাইল ফুড পার্কে ৭০০ কোটি টাকার ‘আমূল বাংলা ডেয়ারি’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলার শিল্প, কৃষি, সমবায় এবং রাজনৈতিক পরিবর্তন—সবকটি বিষয় নিয়েই নিজের অবস্থান স্পষ্ট করেন শাহ।
আরও পড়ুন:Arup Biswas:’আমার মনে হয়, মেসিই গোল্ডেন বুট পাবে’ বিশ্বকাপ ফাইনালের আগে বাজি অরূপ বিশ্বাসের!
ভাষণের শুরুতেই অমিত শাহ (Amit Shah) বলেন, “বাংলায় নির্বাচনে জেতার পর মোদিজির তরফ থেকে মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করাতে এসেছি। বাংলার মানুষ বিজেপিকে জয়ী করেছেন। এই সরকার গঠনের পর এটাই সবচেয়ে বড় শিল্প প্রকল্প। এখানকার মিষ্টি দই শুধু বাংলাতেই নয়, কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং গুজরাত থেকে দেশের প্রতিটি প্রান্তে পৌঁছবে।”
তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে শিল্পায়নের ধারাবাহিকতা নষ্ট হয়েছিল। তাঁর কথায়, “বাংলা একসময় শিক্ষা, সংস্কৃতি, স্বাধীনতা আন্দোলন এবং শিল্প—সব ক্ষেত্রেই দেশের পথপ্রদর্শক ছিল। কিন্তু বিগত সরকার সেই ঐতিহ্য নষ্ট করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আবার সোনার বাংলা গড়ে তোলার কাজ শুরু হয়েছে। গুজরাতকে বাংলা বানানো হবে না, তবে গুজরাত থেকে বাংলায় বিনিয়োগ আসবে।”
আমূলের নতুন ডেয়ারি প্রকল্পকে বাংলার কৃষক ও পশুপালকদের জন্য একটি বড় সুযোগ বলেও উল্লেখ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বিশ্বের অন্যতম বৃহৎ সমবায় সংস্থা হিসেবে আমূলের এই বিনিয়োগের ফলে রাজ্যের দুগ্ধ উৎপাদন ও কৃষিভিত্তিক অর্থনীতি আরও শক্তিশালী হবে। তাঁর দাবি, “এখান থেকে যে আয় হবে, তা সরাসরি কৃষকদের কাছেই পৌঁছবে। কোনও মধ্যস্বত্বভোগীর হাতে যাবে না।”
ভাষণের একটি বড় অংশ জুড়েই ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা। অমিত শাহ বলেন, “শুভেন্দুর কাজের গতির সঙ্গে আমি পেরে উঠি না। আমি একটি মেইল পাঠানোর পরই সঙ্গে সঙ্গে উত্তর পেয়েছি। বাংলাকে নিজের পায়ে দাঁড় করাতে বেশি সময় লাগবে না। ওঁর কাজের গতি দেখেই বোঝা যায়, রাজ্যের উন্নয়ন দ্রুত এগোবে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole
তিনি আরও বলেন, “আজ বাংলার কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। বাংলা বিশ্বের সবচেয়ে বড় দই উৎপাদন কেন্দ্র পেতে চলেছে। একসময় বলা হত গুজরাতকে বাংলায় আসতে দেওয়া হবে না। আজ সেই বাংলাতেই গুজরাত থেকে বিনিয়োগ আসছে। এর ফলে গোটা দেশের মানুষ বাংলার তৈরি মিষ্টি দই খাবেন এবং বাংলাকে আশীর্বাদ করবেন।”
হাওড়ার সাঁকরাইল ফুড পার্কে গড়ে ওঠা এই অত্যাধুনিক ডেয়ারি প্রকল্পে প্রায় ৭০০ কোটি টাকা বিনিয়োগ করছে আমূল। প্রকল্পটি চালু হলে পশ্চিমবঙ্গে দই-সহ বিভিন্ন দুগ্ধজাত পণ্যের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং হাজার হাজার কৃষক ও পশুপালক সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শিল্পমন্ত্রী তাপস রায়, সমবায়মন্ত্রী অশোক কীর্তনিয়া, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, মুখ্যসচিব মনোজ আগরওয়াল, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত-সহ রাজ্য সরকার ও আমূলের শীর্ষ কর্তারা। অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাঁকরাইলের ‘আমূল বাংলা ডেয়ারি’ প্রকল্পের নির্মাণকাজের সূচনা হয়।
