FIFA World Cup 2026 Final:’থিয়েটারে কেরল, জায়ান্ট স্ক্রিনে বাংলা’! বিশ্বকাপ ফাইনাল ঘিরে দুই রাজ্যের নজিরবিহীন উদ্যোগ!

ফুটবল

সোমবার গভীর রাত পেরিয়ে মঙ্গলবার ভোরে ফুটবল বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত লড়াই। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে (FIFA World Cup 2026 Final) মুখোমুখি হতে চলেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোজয়ী স্পেন। একদিকে লিওনেল মেসির বিশ্বকাপ ক্যারিয়ারের সম্ভাব্য শেষ অধ্যায়, অন্যদিকে স্পেনের তরুণ দলের গতি ও আগ্রাসন—সব মিলিয়ে বিশ্বজুড়ে তুঙ্গে উত্তেজনা। সেই আবেগে শামিল ভারতও। বিশেষ করে দেশের দুই ফুটবলপ্রেমী রাজ্য পশ্চিমবঙ্গ ও কেরল, যেখানে ফুটবলকে ঘিরে উন্মাদনা এখন চরমে।

আরও পড়ুন:Amit Shah:’মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করাতে এসেছি’, আমূলের ৭০০ কোটির প্রকল্পে বার্তা অমিত শাহের!

এই ঐতিহাসিক ম্যাচকে ঘিরে সাধারণ মানুষের উচ্ছ্বাসকে আরও বড় করে তুলতে অভিনব উদ্যোগ নিয়েছে দুই রাজ্যের সরকার। কোথাও সিনেমা হলে ৭০ এমএম পর্দায়, কোথাও আবার খোলা আকাশের নীচে জায়ান্ট স্ক্রিনে—হাজার হাজার মানুষকে একসঙ্গে বিশ্বকাপ ফাইনাল দেখার সুযোগ করে দেওয়া হচ্ছে।

কেরল সরকার রবিবার ঘোষণা করেছে, রাজ্যের কেরল স্টেট ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (KSFDC) পরিচালিত তিরুবনন্তপুরম ও কোঝিকোড়ের কৈরালী-শ্রী থিয়েটার কমপ্লেক্সে বিশ্বকাপ ফাইনাল সরাসরি বড় পর্দায় সম্প্রচার করা হবে। পর্যটন, সংস্কৃতি ও চলচ্চিত্র বিষয়ক মন্ত্রী পি সি বিষ্ণুনাথ জানান, ফুটবলপ্রেমীদের আবেগের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই লাইভ স্ক্রিনিংয়ের জন্য কোনও অতিরিক্ত বা প্রিমিয়াম টিকিটের মূল্য ধার্য করা হয়নি। সাধারণ সিনেমার টিকিটের দামেই দর্শকরা থিয়েটারে বসে উপভোগ করতে পারবেন বিশ্বকাপের মহারণ।

এর আগে ফাইনাল উপলক্ষে সোমবার রাজ্যের সমস্ত স্কুল-কলেজে ছুটি ঘোষণা করেও আলোচনায় এসেছিল কেরল সরকার। ফলে ফুটবল উৎসবকে ঘিরে রাজ্যজুড়ে যেন এক অন্য আবহ তৈরি হয়েছে।

অন্যদিকে, পশ্চিমবঙ্গ সরকারও ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। সোমবার গভীর রাত ১২টা ৩০ মিনিটে শুরু হওয়া বিশ্বকাপ ফাইনাল (FIFA World Cup 2026 Final) উপলক্ষে রাজ্যের প্রতিটি জেলায় জায়ান্ট স্ক্রিনে সরাসরি ম্যাচ সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যেই সমস্ত জেলার জেলাশাসকদের কাছে নির্দেশিকা পাঠিয়েছে রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়া দফতর।

অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পাণ্ডে স্বাক্ষরিত ওই নির্দেশিকায় বলা হয়েছে, বাংলার ফুটবল ঐতিহ্যকে সম্মান জানিয়ে জেলার গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় ওপেন-এয়ার লাইভ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করতে হবে। স্থানীয় পুরসভা ও পঞ্চায়েতের সঙ্গে সমন্বয় করে নিরাপদ ও উপযুক্ত স্থান চিহ্নিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole

এই আয়োজনের জন্য প্রতিটি জেলাকে ১ লক্ষ টাকা করে আর্থিক বরাদ্দ করেছে রাজ্য সরকার। সেই অর্থে জায়ান্ট স্ক্রিন, বিদ্যুৎ, পরিকাঠামো এবং নিরাপত্তার ব্যবস্থা করা হবে। পাশাপাশি, সাধারণ মানুষের কাছে এই উদ্যোগের খবর পৌঁছে দিতে এলাকায় এলাকায় প্রচার চালানো এবং মাঝরাতের ভিড় সামলাতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

বিশ্বকাপ ফাইনালকে ঘিরে কেরলের থিয়েটার আর বাংলার জায়ান্ট স্ক্রিন—দুই রাজ্যের এই উদ্যোগই প্রমাণ করছে, ভারতে ফুটবল কেবল একটি খেলা নয়, কোটি মানুষের আবেগ, উৎসব এবং একাত্মতার আরেক নাম।