আকাশে ঘন কালো মেঘের দাপট! কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

আবহাওয়া কলকাতা জেলা

নিউজপোল ব্যুরো: উইকেন্ড শুরুর মুখেই চোখরাঙাচ্ছে আবহাওয়া! রাজ্যজুড়ে এক ধাক্কায় পারদ নামিয়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার থেকেই মেজাজ বদলাবে প্রকৃতির। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং দুই ২৪ পরগনায় একযোগে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় টানা বজ্রপাতের সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার তোলপাড় চলবে। তবে আসল খেলা শুরু হবে রবিবারে। সপ্তাহের শেষ দিনে দুই মেদিনীপুরে একলাফে জারি হয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির ‘কমলা সতর্কতা’। রবিবারের এই দুর্যোগ থেকে বাদ যাবে না কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম কিংবা বাঁকুড়াও। গোটা দক্ষিণবঙ্গ জুড়েই দিনভর মুষলধারে বৃষ্টির পাশাপাশি চলবে তাণ্ডবী ঝড় ও বজ্রপাত।

সোমবারও স্বস্তি মিলছে না একেবারেই। সপ্তাহের প্রথম দিনে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে বজায় থাকবে হলুদ সতর্কতা। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে অর্থাৎ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় কালবৈশাখীর মতো ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির তীব্র পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতেও শনিবার বজ্রপাত ও ঝড়বৃষ্টির কারণে হলুদ সতর্কতা বহাল থাকবে। উত্তাল সমুদ্র ও ঝোড়ো হাওয়ার আশঙ্কায় সোমকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। তবে মঙ্গলবার থেকে আবহাওয়ার বড়সড় মেজাজ বদল ঘটবে এবং বৃষ্টি কমে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে।