নিউজপোল ব্যুরো: সপ্তাহের দ্বিতীয় দিনেই আবহাওয়ায় বড়সড় বদলের সংকেত দিল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমলেও, উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু এখনই স্বস্তি মিলছে না। বরং মঙ্গলবার থেকে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত উত্তরের একাধিক জেলায় ঝেঁপে নামতে পারে ভারী বৃষ্টি। ১ অগাস্ট পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা (Yellow Alert)।
আবহাওয়াবিদদের হিসাব অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি মেজাজে বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের ছবিটা একেবারেই আলাদা। মঙ্গলবার থেকেই আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে শুরু হবে তুমুল বৃষ্টিপাত। এর পর বুধবার জল ঢালবে কালিম্পং ও আলিপুরদুয়ারে। পরিস্থিতির আরও অবনতি হতে পারে বৃহস্পতিবার, যখন ভারী বৃষ্টির কোপে পড়বে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার— এই তিন জেলা। আর শুক্রবার নাগাদ বৃষ্টির থাবা ছড়াবে প্রায় পুরো পাহাড়ি অঞ্চলে; দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে একযোগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এই আবহাওয়ার মূল খলনায়ক হলো বঙ্গোপসাগরের উত্তর-মধ্য অংশে দানা বাঁধা গভীর নিম্নচাপ। এটি ধীরে ধীরে ডাঙার দিকে অগ্রসর হওয়ায় সমুদ্রের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার দাপট বহু গুণ বেড়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ এবং ওড়িশা— উভয় রাজ্যের উপকূল সংলগ্ন সমুদ্র অত্যন্ত উত্তাল ও বিপদজনক অবস্থায় রয়েছে। প্রবল ঢেউ ও ঝোড়ো হাওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের অবিলম্বে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুক্রবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ— দুই বঙ্গেই নজর রাখছেন আবহাওয়াবিদরা।
